ডেঙ্গু নিয়ে সরকারকে ‘রাজনীতি’ না করে পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সব দেখে-শুনে মনে হচ্ছে, আওয়ামী লীগ নয়, হাইকোর্ট দেশ চালাচ্ছে।’ গতকাল শুক্রবার বিকেলে ধানমন্ডির ল্যাবএইডে ডেঙ্গুজ¦রে আক্রান্ত কয়েকজন রোগীকে দেখে আসার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমি এখানে কয়েকজন ডেঙ্গু রোগীকে দেখলাম। সারা দেশেই এটা ছড়িয়ে পড়েছে। আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পেরেছি, এটা কনটিনিউ করবে। এ কারণে জরুরি অবস্থা ঘোষণা করে জরুরি অবস্থার ভিত্তিতে সম্মিলিতভাবে এর মোকাবিলা করা দরকার। আমরা মনে করি, এখন অন্য রাজনীতি না করে দ্রুত মানুষকে বাঁচানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক।’
মশার ওষুধ বিদেশ থেকে জরুরি ভিত্তিতে আনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, বাংলাদেশ কিন্তু এখন সরকার চালায় নাÑ মানে প্রশাসন কিংবা বিমান মন্ত্রণালয় বাংলাদেশ চালাচ্ছে না। বাংলাদেশ চালাচ্ছে এখন বিচার বিভাগ। আদালতের হুকুম হয় তারপরে কথাবার্তা হয়, নড়াচড়া করে এসব হয়ে চলে, অর্থাৎ ‘ইনফ্যাক্ট গভর্নমেন্ট ইজ কমপ্লিটলি ফেইল্ড।’ অন্যান্য ক্ষেত্রে তো বটেই, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে, ডেঙ্গু প্রতিরোধ করার ক্ষেত্রে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, আমরা মনে করি ওদিকে না গিয়ে অবিলম্বে জরুরি অবস্থা ঘোষণা করে, জরুরি ভিত্তিতে এসব ব্যবস্থা গ্রহণ করা উচিত। কিছুটা যুদ্ধকালীন অবস্থার মতো করা দরকার। কারণ এখন সময় খুব কম।
তিনি বলেন, প্রতিটি পরিবার এখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে, বিশেষ করে শিশুদের নিয়ে, বাচ্চাদের নিয়ে। আমি এখন দেখে আসলাম তারা অনেকেই বেশ সংকটাপন্ন অবস্থায় আছে। আমার মনে হয়, সরকারের উচিত হবে আর কাল বিলম্ব না করে সংশ্লিষ্ট সবার কাছ থেকে এবং আমাদের যারা চিকিৎসক আছেন তাদের সবার কাছ থেকে পরামর্শ নিয়ে সবার সহযোগিতা নিয়ে কাজ করা উচিত।
বিকেলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ধানম-ির ল্যাবএইডে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনারসহ কয়েকজন রোগীকে দেখতে যান বিএনপি মহাসচিব। তিনি চিকিৎসকদের সঙ্গে তাদের সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক এ কে এম আজিজুল হক, ড্যাবের অধ্যাপক হারুন আল রশিদ, অধ্যাপক আবদুস সালাম, ডা. আবদুস সেলিম, ডা. জহিরুল ইসলাম সাকিল, ডা. এ টি এম ফরিদ, ডা. শাহ আমানউল্লাহ, ডা. এফরানুল হক সিদ্দিকী, ডা. পারভেজ রেজা কাকন, ডা. মো. আবু জাফর, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।