মশাবাহিত ভাইরাস ট্রিপল-ই নিয়ে যুক্তরাষ্ট্রে সতর্কবার্তা

ইস্টার্ন ইকুইন এনসিফেলাইটিস (ইইই) নামের মশাবাহিত ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্বাস্থ্য কর্মকর্তারা। সিএনএনের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফ্লোরিডার অরেঞ্জ কাউন্টির স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, সেন্টিনেল মুরগির মধ্যে ইইই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আক্রান্ত মশার মাধ্যমে ভাইরাসটি মানবদেহেও প্রবেশ করতে পারে। এ ভাইরাসে আক্রান্ত লোকজনের মস্তিষ্কে সংক্রমণ হতে পারে।

প্রতিবেদনে জানানো হয়, সেন্টিনেল মুরগিগুলোর ওপর নিয়মিত ওয়েস্ট নীল ভাইরাস ও ইইই পরীক্ষা চালানো হয়। এই মুরগিগুলোর রক্ত পরীক্ষার মাধ্যমে রোগের অস্তিত্ব নিশ্চিত করা যায়। তবে মুরগিগুলো ভাইরাসের মাধ্যমে আক্রান্ত হয় না। ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অরেঞ্জ কাউন্টিতে সেন্টিনেল মুরগির দেহে ভাইরাস পাওয়ায় স্বাস্থ্য বিভাগ সতর্ক করে বলেছে, মানবদেহে এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রতি বছর ইইই ভাইরাসে আক্রান্ত হয় সাতজনের মতো মানুষ। এটি প্রাণঘাতী হতে পারে। এ ভাইরাসে আক্রান্ত ৩০ শতাংশ মানুষ মারা যায় বলে জানিয়েছে সিডিসি। বেঁচে থাকা অনেকে স্নায়বিক সমস্যায় ভোগেন।