মেহেরপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

রাজাকারদের তালিকা প্রকাশ হবে ডিসেম্বরেই

ডিসেম্বরের মধ্যেই রাজাকার ও প্রকৃত যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ‘হাইকোর্টের একটি নিষেধাজ্ঞা থাকায় আমরা রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ করতে পারিনি। আশা করছি ডিসেম্বরের মধ্য তালিকা প্রকাশ করতে পারব।’

গতকাল শুক্রবার সকালে মুজিবনগর পর্যটন মোটেলে ‘মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র’ প্রকল্পের স্থাপত্য নকশা অনুমোদন সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মুজিবনগরকে আমরা আন্তর্জাতিক মানের মুক্তিযুদ্ধ তীর্থস্থান হিসেবে গড়ে তুলব। ইতিমধ্যে আমরা ৩৭ একর জমি অধিগ্রহণ করেছি। সরকার ১ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। টেন্ডারের কাজ শেষ পর্যায়ে। আগামী তিন মাসের মধ্য নতুন প্রকল্পের কাজ শুরু হবে। বেশ কিছু ভাস্কর্য পরিবর্তন করা হবে।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এস এম আরিফ-উর রহমান। উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এস এম মোরাদ আলীসহ সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তারা। এর আগে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি।