নেত্রকোনার মদন উপজেলায় গোবিন্দশ্রী ইউনিয়নের বারঘরিয়া গ্রামে দলবদ্ধভাবে ধর্ষণ ঘটনায় শুক্রবার রাতে ধর্ষিতার বাবা বাদী হয়ে দুই জন কে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মদন থানায় একটি মামলা দায়ের করেছে।
পুলিশ শনিবার ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গোবিন্দশ্রী বারঘরিয়া বারঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির ছাত্রী গত শনিবার সন্ধ্যায় পাশের বাড়ির মৃত হাবুল মিয়ার টিউবওয়েল থেকে পানি আনতে গেলে কৌশলে হাবুল মিয়ার ছেলে পলক (১৬) তাদের নির্জন ঘরে নিয়ে একই পাড়ার মতি মিয়ার ছেলে অনিক (১৭)কে সঙ্গে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে।
পরে ঘটনাটি তার বাবা মাকে জানালে তারা আশেপাশের বাড়ির লোকজনকে জানায়। তারা ঘটনা নিষ্পত্তি করার জন্য সময় অতিবাহিত করলে বিচারের আশ্বাস না পেয়ে শুক্রবার রাতে ভিকটিমের বাবা বাদী হয়ে মদন থানায় দুইজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ধর্ষিতার বাবা জানান, আমার শিশু মেয়েটিকে পলক ও অনিক মিলে জোর পূর্বক ধর্ষণ করেছে। তার শারীরিক অবস্থা ভালো না। বাড়ির লোকজন মিথ্যা আশ্বাসে সময় অতিবাহিত করছে বুঝতে পেরে ন্যায় বিচার পাওয়ার আশায় শুক্রবার রাতে থানায় ধর্ষক দুইজনের বিরুদ্ধে মামলা করেছি। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) স্বপন চন্দ্র সরকার জানান, এ ব্যাপারে শুক্রবার রাতে ভিকটিমের বাবা বাদী হয়ে দুইজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আসামিদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চলছে বলেও তিনি জানান।