চুয়াডাঙ্গায় ইন্দো-বাংলা আন্তর্জাতিক মেডিকেল ক্যাম্প

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনায় ভারতের বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে দুই দিনব্যাপী ইন্দো-বাংলা আন্তর্জাতিক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে দর্শনা অডিটোরিয়াম চত্বরে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন ফিতা কেটে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

পরে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা হয়। স্থানীয় সাংসদ (চুয়াডাঙ্গা-২) হাজী আলী আজগার টগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, বর্তমান সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। প্রতিটি জেলায় আধুনিক মানের হাসপাতাল তৈরিসহ বিশেষজ্ঞ চিকিৎসক দেওয়া হচ্ছে, যা অতীতে কখনো ছিল না। ভারত-বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে দর্শনাতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প তৃণমূলের গরিব অসহায় মানুষের স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্ত বলে তিনি মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ভারতের কলকাতা রুবি জেনারেল হাসপাতালের মার্কেটিং অফিসার সুজয় রঞ্জন, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানসহ স্থানীয় সুধীজনরা।