বখাটের হামলায় মাথা ফাটল কলেজ ছাত্রীর বাবার

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বখাটের হামলায় এক কলেজ ছাত্রীর বাবার মাথা ফেটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়সূত্র জানায়, গোয়াইনঘাট সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করে একই উপজেলার পরগনা গ্রামের ইছহাক মিয়ার ছেলে ইলিয়াস মিয়া (২৬)। বখাটে ইলিয়াসের ভয়ে ওই ছাত্রী নিয়মিত কলেজেও যান না। বর্তমানে ওই ছাত্রীর পরীক্ষা চলছে। তাই বাবা আফতাব উদ্দিনকে সঙ্গে নিয়ে তিনি পরীক্ষা দিতে কলেজে যান। ফেরার পথে গোয়াইনঘাট সেতু এলাকায় কলেজ ছাত্রী ও তার বাবাকে দেখে এগিয়ে আসে ইলিয়াস। এসময় ইলিয়াস কলেজ ছাত্রীর বাবার কাছে জানতে চায়, তিনি কেন কলেজে এসেছেন। এরপর অশ্লীল কথাবার্তা বলে কাঠের টুকরা দিয়ে কলেজ ছাত্রীর বাবার মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া করে ইলিয়াসকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) হিল্লোল রায় জানান, কলেজ ছাত্রীর বাবার ওপর হামলাকারী ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া কলেজ ছাত্রী ও তার পরিবারের নিরাপত্তার বিষয়টিও পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে।