পূর্ব শত্রুতার জের ধরে রাজবাড়ি সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুরে মো. শাহিন খান (২৫) নামে এক যুবকের দুটি হাত কেটে দিয়েছে সন্ত্রাসীরা। আহত শাহিন কল্যাণপুর গ্রামের হাসেম খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিন খানের সাথে স্থানীয় এলাকার ইসমাইল, লালু, কামালদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে রবিবার দুপুরে কল্যাণপুর সিদ্দিকিয়া মাদ্রাসার সামনে শাহিনকে ডেকে নিয়ে দুই হাতের কনুইয়ের নিচের পুরো অংশ কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে তারা।
পরে রক্তাক্ত অবস্থায় শাহিন খানকে স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ি সদর হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, শাহিন খান ও ইসমাইল গাজি এক সাথে মাদক ব্যবসা থেকে শুরু করে নানা প্রকার অপরাধ কর্মে জড়িত ছিল। গত এক মাস আগে শাহিনের সাথে ইসমাইলের মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। পরে দু’জনের মধ্যে এক পর্যায় মারামারিও হয়।
এ বিষয়ে স্থানীয়ভাবে বসে সমাধান করা হয়। কিন্তু বিরোধ চলতে থাকে। এক মাস পরে রবিবার ইসমাইল ও তার সহযোগীরা শাহিনকে ডেকে নিয়ে দুই হাত কেটে দেয়।
জানা যায়, শাহিন খানের স্ত্রীকে মাঝে মধ্যেই ইসমাইল মোবাইল ফোনে বিরক্ত করতো। এই বিষয় নিয়ে শাহিন তার বন্ধু ইসমাইলকে পিটিয়ে ছিল। ওই ঘটনার প্রতিশোধ হিসেবে ইসমাইল এ ঘটনা ঘটিয়েছে বলেও ধারণা অনেকের।
এ ঘটনার পর রাজবাড়ি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত শাহিনকে সন্ধ্যায় ফরিদপুর থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।