দুই শতাধিক আধুনিক সাইলো নির্মাণ করা হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষকদের স্বার্থ সংরক্ষণ না করলে দেশ পিছিয়ে যাবে। তাই সারা দেশে ধান সংরক্ষণের জন্য ২ শতাধিক আধুনিক সাইলো নির্মাণ করা হবে। যাতে ধান উৎপাদনের সাথে সাথে কৃষকেরা বিক্রি করতে পারে।

রোববার কুষ্টিয়া সার্কিট হাউজ মিলনায়তনে জেলার খাদ্য কর্মকর্তা ও মিল মালিকদের সাথে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

এছাড়াও দেশের চাহিদা মিটিয়ে প্রয়োজনে বাইরে চাল রপ্তানি করা যেতে পারে। সে ক্ষেত্রে উৎকৃষ্ট মানের চাল উৎপাদন করতে হবে। যাতে বাজার নষ্ট না হয়।

মন্ত্রী এ সময় আরো বলেন, বন্ধ মিল কোন ভাবেই চাল সরবরাহে বরাদ্দ পাবে না। বিষয়টি কঠোর ভাবে মনিটরিং করা হচ্ছে। হাসকিং মিল প্রতিযোগিতায় টিকতে পারছে না। তাই তাদেরও প্রতিযোগিতায় টিকে থাকতে হলে স্বয়ংক্রিয় মিল স্থাপন করতে হবে। দেশে খাদ্য গুদামে জায়গা অনেক কম। তারপরও এবার প্রায় ২৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কেনা হচ্ছে। 

কুষ্টিয়াতেও বেশ কয়েকটি সাইলো ও গুদাম নির্মানের করার কথা জানান মন্ত্রী। পাশাপাশি মিল মালিকদের বলেন, আপনারা সৎ ভাবে ব্যবসা করবেন। আমাদের কর্মকর্তাদের নষ্ট করবেন না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, জেলা খাদ্য কর্মকর্তা মনোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কেন্দ্রীয় চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ, জেলা চালকল মালিক সমিতির সভাপতি ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।