স্বাস্থ্যমন্ত্রীকে ‘অমানুষ’ বললেন ফখরুল

রোহিঙ্গাদের সঙ্গে এডিস মশার তুলনা করায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের তীব্র সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ডেঙ্গুজ¦র যখন চরম আকার ধারণ করেছে, তখন স্বাস্থ্যমন্ত্রী বললেন, এডিস মশা রোহিঙ্গাদের মতো। কত বড় অমানবিক হলে, কত বড় অমানুষ হলে একজন মন্ত্রীর মুখে এ ধরনের কথা শুনতে পারি। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব বলেন। সংগঠনটির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভা হয়।

মির্জা ফখরুল বলেন, স্বাস্থ্যমন্ত্রী যখন মালয়েশিয়া গেলেন, পত্রপত্রিকার দেখলাম, তিনি ব্যক্তিগত সফরে গেছেন। ফিরে আসার পর বলেছেন, তিনি জানেন না কতজন মারা গেছেন। বলছেন, ১৬০০ থেকে ১৭০০ আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুজ¦রে কতজন মারা গেছেন, স্বাস্থ্যমন্ত্রী বলতে পারেননি। এটা তার জানা নেই। তিনি অভিযোগ করে বলেন, ডেঙ্গুজ¦র প্রতিরোধে অকার্যকর ওষুধ আমদানি করা হচ্ছে। হবে কোথা থেকে? যে দুর্নীতি তারা করে, তাতে তো কার্যকর হওয়ার কথা না। এখন নতুন ওষুধ আনবে, সেখানে আরও দুর্নীতি হবে। বিএনপি মহাসচিব বলেন, দুটি ওষুধ নিষিদ্ধ করা হয়েছে থাইল্যান্ডে, সে দুটি ওষুধ নাকি আনা হচ্ছে! তারা আমদানি করছে কলকাতার ডেপুটি মেয়রকে তাদের কনসালটেন্সির জন্য। এখন এ অবস্থা হীরক রাজার দেশের চেয়েও অধম হয়ে গেছে। একাদশ সংসদ বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় এ দেশের জনগণ জানে এ ধরনের সরকারকে কীভাবে পরাজিত করতে হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ন্যূনতম ন্যায়বিচার পাচ্ছেন না অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, কারণ বিচারব্যবস্থাকে পুরোপুরিভাবে ক্ষমতাসীন অপশক্তি নিয়ন্ত্রণ করছে। এক-এগারোর মূল মিশনটাই ছিল বাংলাদেশকে বিরাজনীতিকীকরণ করা। সেই ধারাবাহিকতায় আজকে আওয়ামী লীগের সরকার সেটা বাস্তবায়ন করছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ড্যাবের সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. সিরাজউদ্দীন আহমেদ, অধ্যাপক ডা. আবদুল কুদ্দুস, ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. আবদুস সালাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী, বিএনপির সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ।