নোয়াখালীর সুবর্ণচরের চর মোজাম্মেল গ্রামে এক তরুণী দলবেঁধে ধর্ষণের শিকার হয়েছে। গত শনিবার মধ্যরাতে ঘরের দরজা ভেঙে ঢুকে তিন বখাটে নির্যাতন চালায়। পরে প্রতিবেশীরা তরুণীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার স্বামী মারা গেছেন এবং পাঁচ বছর বয়সী একটি সন্তান রয়েছে। এদিকে ঝিনাইদহ মোবাইলে গেম খেলার কথা বলে তিন বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। ফরিদপুরের সদরপুরে চার বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করা হযেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ডকইয়ার্ডের এক শ্রমিককে আটক করেছে পুলিশ। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরÑ
সুবর্ণচরে তরুণীকে দলবেঁধে ধর্ষণ : নোয়াখালীর সুবর্ণচরের চর মোজাম্মেল গ্রামে এক তরুণী (১৮) দলবেঁধে ধর্ষণের শিকার হয়েছে। চরজব্বর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, শনিবার রাত ১টার দিকে ঘরের দরজা ভেঙে চার বখাটে ঘরে ঢুকে ওই তরুণীর পাঁচ বছর বয়সের ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে বখাটেরা। তারা হলোÑ নুরুল হুদা (৫০), নুরুদ্দিন (৪২), দেলোয়ার হোসেন (৪০)।
হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী জানান, বিয়ের পর থেকে রাজমিস্ত্রি স্বামীর সঙ্গে তিনি চট্টগ্রামে বসবাস করতেন। গত রোজার ঈদের ১০ দিন পর তার স্বামী মারা যাওয়ার পর তিনি সুবর্ণচর উপজেলা চর মোজাম্মেল এ চলে আসেন। তারপর থেকে তিনি তার বাকপ্রতিবন্ধী বাবা-মায়ের সঙ্গে বাসবাস করছিলেন। গত শনিবার রাত ১টার সময় একই মৌজার নুরুল হুদা, দেলোয়ার ও নুরুদ্দিন তার ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিল উল্যা জানান, ভিকটিমকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে পরীক্ষা করে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
ভিকটিমের পিতা আবদুল মালেক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। চরজব্বর থানা পুলিশ নুরুল হুদা (৫৫), নুরুদ্দিন (৪২) ও দেলোয়ার হোসেনকে (৪৩) গ্রেপ্তার করেছে।
কালীগঞ্জে শিশুকে যৌন নির্যাতন : মোবাইলে গেম খেলার কথা বলে তিন বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল কাদের জিলানীকে (২০) শহরের আড়পাড়া থেকে আটক করে পুলিশ। জিলানীকে পটুয়াখালীর গলাচিপা গ্রামের আবুল হোসেনের ছেলে। গতকাল রবিবার দুপুরে শিশুর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেছেন।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, গত শনিবার রাতে মোবাইলে গেম খেলার কথা বলে শিশুটিকে ডেকে নিজের ঘরে নিয়ে যায় আবদুল কাদের জিলানী। কিছুক্ষণ পর শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেয় ওই যুবক। শিশুটির মা বিষয়টি দেখে ফেলেন। এরপর রবিবার দুপুরে থানায় তিনি লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে।
সদরপুরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা : ফরিদপুরের সদরপুরে চার বছরের এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কারি আব্দুল সালামকে (৬০) আটক করেছে সদরপুর থানা পুলিশ।
ধর্ষণচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে ওই কন্যাশিশুটির বাবা বাদী হয়ে সদরপুর থানায় মামলা করেন। গত শনিবার এ ঘটনা ঘটে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সদরপুর ইউনিয়নের পূর্বশ্যামপুর গ্রামের জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক টিভি দেখার প্রলোভন দেখিয়ে চার বছরের শিশুকন্যাকে একটি কক্ষে নিয়ে যান। পরে ওই কক্ষের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে শিক্ষককে আটক করে। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে সদরপুর হাসপাতালে পাঠিয়ে দেন।
এ ঘটনায় সদরপুর থানার ওসি সৈয়দ লুৎফর রহমান কারি আব্দুল সালামকে আটক করেন। ওসি জানান, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। শিশুর আলামতের রিপোর্টের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির বাবা সদরপুর থানায় মামলা করেছেন।
সোনারগাঁয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক : সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রায়হান (২৪) নামে ডকইয়ার্ডের এক শ্রমিককে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার বৈদ্যেরবাজার সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক পংকজ কান্তি সরকার জানান, রবিবার সন্ধ্যায় উপজেলার বৈদ্যেরবাজার সাতভাইয়াপাড়া এলাকায় সপ্তম শ্রেণির এক ছাত্রী প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে ওঁৎপেতে থাকা ডকইয়ার্ড শ্রমিক রায়হান ছাত্রীর মুখ চেপে ধরে জোর করে পার্শ্ববর্তী একটি ঝোপে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ছাত্রীকে উদ্ধার ও রায়হানকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ অভিযুক্ত রায়হানকে আটক করে থানায় নিয়ে যায়। সে মুন্সীগঞ্জ জেলার চান্দেরচর গ্রামের শাহজাহানের ছেলে।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্ত রায়হানকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।