ওবায়দুল কাদের বললেন

মানুষ ডেঙ্গুমুক্ত না হওয়া পর্যন্ত মাঠে থাকবে আ. লীগ

বাংলাদেশের প্রতিটি মানুষকে ডেঙ্গুজ্বর মুক্ত না করা পর্যন্ত আওয়ামী লীগের সব নেতাকর্মী ডেঙ্গুবিরোধী অভিযানে মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রবিবার রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ডেঙ্গু নিধন অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে যা যা করার আমরা তাই করব। সিটি করপোরেশনের দুই মেয়র, স্বাস্থ্যমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, এমন কোনো বক্তব্য দেবেন না, যে কারণে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। আপনার কোনো বক্তব্য দিতে চাইলে একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। আপনাদের বক্তব্য নিয়ে যেন সাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি না হয়। মনে রাখতে হবে ডেঙ্গু মোকাবিলা করার জন্য জনসাধারণ আমাদের সঙ্গে আছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডেঙ্গু মোকাবিলা করতে প্রতিটি ঘরের আঙিনা পরিষ্কার রাখতে হবে। সে জন্য প্রতিটি মানুষের আন্তরিকতা ও সহযোগিতা দরকার। একটা মহল ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে অভিযোগ করে তিনি বলেন, যাতে ঈদের সময় মানুষ বাড়িঘরে না যায়। বাড়িঘরে কেন যাবে না। সবার ইচ্ছা আছে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করতে। সবাই যাবেন তবে সতর্ক থাকবেন। এটাই হলো আমাদের অনুরোধ, সতর্ক থাকবেন। কারও জ্বর হলে রক্ত পরীক্ষা করে বাড়ি যাবেন, তা না হলে বড় ধরনের বিপদের আশঙ্কা থাকতে পারে। ডেঙ্গু সম্পর্কে সতর্কীকরণ রেডিও-টেলিভিশনে প্রচার করা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগস্ট মাস এলেই একটি রাজনৈতিক অপশক্তি সক্রিয় হয়ে ওঠে। ওই অপশক্তিকে প্রতিহত করতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে সচেতন থাকতে হবে। সকলে সম্মিলিতভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।