দিকনির্দেশনা দিতে সস্ত্রীক হজে সিইসি

হজ ব্যবস্থাপনার সার্বিক কাজ তত্ত্বাবধান ও দিকনির্দেশনা দিতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলের অংশ হয়ে সস্ত্রীক সৌদি আরবে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। গতকাল রবিবার সিইসির ব্যক্তিগত কর্মকর্তা এ কে এম মাজহারুল ইসলাম দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়ে বলেন, গতকাল বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিইসি তার স্ত্রীসহ ঢাকা ছাড়েন।

ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের ১০ সদস্যের প্রত্যেকে সঙ্গে আরও তিনজনকে নিতে পারছেন। সে ক্ষেত্রে সফরসঙ্গীদের বিমানের টিকিট নিজ উদ্যোগে গ্রহণ করতে হবে প্রতিনিধি দলের সদস্যদের। এছাড়া সঙ্গীদের জন্য মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত, মিনা-আরাফাতের তাঁবু ভাড়ার ব্যয় বাবদ জনপ্রতি ১ লাখ টাকা যাত্রার আগে পরিশোধ করতে হবে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এই দলে অন্যদের মধ্যে আছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রুহুল আমীন মাদানী, সংসদীয় কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ও রতœা আহমেদ, ধর্মসচিব আনিছুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-৩ আজিজুর রহমান।

নির্বাচন কমিশনের জারি করা এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, সহজে হজ সম্পন্ন করতে হজ প্রতিনিধি দলের সদস্য হিসেবে সিইসি সার্বিক কাজ তত্ত্বাবধান ও দিকনির্দেশনা দেবেন। ২১ আগস্ট তার ফেরার কথা রয়েছে। ওই সময় তার স্ত্রী হোসনে আরাও সঙ্গে থাকবেন। সৌদি সফরকালে রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্টদের সঙ্গে ভোটার নিবন্ধন সংক্রান্ত বিষয়ে বৈঠকের কথা রয়েছে সিইসির।