সংবাদ সম্মেলনে মাহবুবউদ্দিন

খালেদার প্যারোল নিয়ে কারও সঙ্গেই আলোচনা হয়নি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে কারও সঙ্গেই কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন তার অন্যতম আইনজীবী ও দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন।

গতকাল রবিবার সুপ্রিম কোর্টে আইন ও মানবাধিকার বিষয়ক সংগঠন ল রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে (এলআরএফ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করে তিনি বলেন, ‘এ বিষয়ে সরকার, তার (খালেদা জিয়া) পরিবার বা আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি।’

মাহবুবউদ্দিন খোকন বলেন, খালেদা জিয়ার প্যারোল বিষয়ে সরকার বিভিন্ন বক্তব্য দিচ্ছে। কিন্তু বক্তব্য দেওয়া ছাড়া সরকার বা খালেদা জিয়ার পরিবারের সঙ্গে এ বিষয়ে আমাদের কোনো যোগাযোগ হয়নি। তিনি অভিযোগ করেন, সম্প্রতি সুইজারল্যান্ডে জাতিসংঘের নির্যাতনবিরোধী সভায় যোগ দিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে মিথ্যাচার ও গুম-খুনের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সঠিক তথ্য দেননি। সঠিক তথ্য না দেওয়ায় তার স্বপদে থাকার অধিকার নেই। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকন বলেন, বিচারকদের মনে ভীতি সঞ্চার করতে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট দুর্নীতির মামলা হয়েছে। তিনি বলেন, পুলিশ বিভাগ সরকারের সমালোচনাকারীদের বিরুদ্ধে মিথ্যা মামালা দিচ্ছে। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকা-ে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত মর্মে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। জেনেভায় দেওয়া আইনমন্ত্রীর বক্তব্য সত্যের অপলাপ এবং শপথ ভঙ্গের শামিল। তাই তার পদে থাকার কোনো অধিকার নেই।