রূপালী ব্যাংকের ১৬১ কোটি টাকা আত্মসাৎ

সাবেক-বর্তমান ৭ কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

শীর্ষ ঋণখেলাপির তালিকায় থাকা এইচআর স্পিনিং মিলের মালিক ও রূপালী ব্যাংকের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় আসামিদের বিরুদ্ধে রূপালী ব্যাংকের ১৬১ কোটি ৯১ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। গতকাল রবিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) ঢাকা-১-এ মামলাটি করেন সহকারী পরিচালক রাশেদুর রহমান। সম্প্রতি জাতীয় সংসদে দেওয়া ১০০ শীর্ষ ঋণখেলাপির তালিকায় এইচআর স্পিনিং মিলের নাম রয়েছে।

মামলার আসামিরা হলেন রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম. ফরিদ উদ্দিন, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী নেয়ামত উল্লাহ, মতিঝিল করপোরেট শাখার সাবেক ব্যবস্থাপক সিরাজ উদ্দিন, একই শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার কামাল উদ্দিন, সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সৈয়দ আবুল মনসুর, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মনোরঞ্জন দাস, সাবেক প্রিন্সিপাল অফিসার ও বর্তমান এজিএম আবু নাছের মো. রিয়াজুল হক, এইচআর স্পিনিং মিলের এমডি হাবিবুর রহমান, চেয়ারম্যান শাহিন রহমান ও পরিচালক মাসুদুর রহমান। এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে রেলওয়ের ১১৭ শতাংশ জমি রূপালী ব্যাংকে বন্ধক রেখে ৯৬ কোটি টাকা ঋণ অনুমোদন নেন। এর মধ্যে ছাড়কৃত ৯৪ কোটি ১৫ লাখ ৯৫ হাজার ৮৮৭ টাকা, আরোপিত সুদ ৬৭ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৩৫৮ টাকাসহ মোট ১৬১ কোটি ৯১ লাখ ৬৫ হাজার ২৪৫ টাকা আত্মসাৎ করেন।