নিজের চাকরি অনিশ্চিত, সরফরাজকে সরাতে বললেন আর্থার!

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরফরাজ আহমেদকে সরিয়ে দেওয়ার জন্য বলছেন খোদ দলটির কোচ মিকি আর্থার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটির বৈঠকে আর্থার এই পরামর্শ দিয়েছেন বলে খবর। যে কমিটির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রয়েছেন ওয়াসিম খান।

সরফরাজের অধিনায়কত্ব নিয়ে পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে রয়েছে অসন্তুষ্টি। বিশ্বকাপের পর তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে বলছেন অনেকেই। যদিও ২০১৭ সালে সরফরাজের অধীনেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে পাকিস্তান। এবার কোচ আর্থারই চাচ্ছেন না সরফরাজকে। তবে কি নতুন কারো কাঁধেই উঠছে দায়িত্ব?

ক্রিকেট কান্ট্রির প্রকাশিত সংবাদে বলা হয়েছে আর্থার ক্রিকেট কমিটিকে পরামর্শ দিয়েছেন, শাদাব খানকে ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়ার। আর টেস্ট অধিনায়ক হিসেবে আর্থার চান বাবর আজমকে।

গেল তিন বছরের পারফরম্যান্স পর্যালোচনা করতেই বৈঠকে বসেছিল পিসিবির ক্রিকেট কমিটি। যেখানে সর্বশেষ বিশ্বকাপ পারফরম্যান্স নিয়েও আলোচনা হয়েছে। ইংল্যান্ডে অনুষ্ঠিত আসরে সেমিফাইনাল খেলতে ব্যর্থ হয় ১৯৯২ বিশ্বকাপ জয়ী পাকিস্তান।

ক্রিকেট কান্ট্রি তাদের নিজস্ব সূত্র জানায়, ‘আর্থার কমিটির সদস্যদের কাছে সরফরাজের অধিনায়কত্ব স্কিল নিয়ে কিছু নেতিবাচক দিক উল্লেখ করেছেন।’ দক্ষিণ আফ্রিকান কোচ পিসিবির ক্রিকেট কমিটিকে আরো বলেছেন, ‘আমার দুই বছর সময় লাগবে, তবেই পাকিস্তান দলকে অসাধারণ ফলাফলের জন্য তৈরি করতে পারব।’

২০১৬ সাল থেকে আর্থার পাকিস্তানের কোচ হিসেবে কাজ করছেন। তার অধীনেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে পাকিস্তান। একই সঙ্গে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষেও ওঠে।

তবে সরফরাজের অধিনায়কত্ব তো পরে, পাকিস্তানের কোচ হিসেবে আর্থারের থাকা হবে কিনা সেটি নিয়েও রয়েছে সংশয়। আর্থারসহ পাকিস্তানের কোচিং স্টাফদের অন্য সদস্যদের মেয়াদ শেষ হচ্ছে ১৫ আগস্ট। ক্রিকেট কমিটির সদস্যরা চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর্থারের কিছু কাজ নিয়ে নাকি সন্তুষ্ট নয়।

ক্রিকেট কমিটি তাই পাকিস্তানের নতুন কোচ হিসেবে বিকল্প কিছুও চিন্তা করছে। যে তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনেও। তবে এই লঙ্কান আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত। তার চেয়ে লোভনীয় অফারে জয়া বর্ধনের মন পিসিবি গলাতে পারবে কিনা সেটিও বড় প্রশ্ন।