তারেকের নির্দেশে আন্দোলনে ইতি ছাত্রদলের বিক্ষুব্ধদের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আন্দোলন-সংগ্রাম থেকে সরে দাঁড়ালেন ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। একইসঙ্গে ছাত্রদলের নতুন কমিটি গঠনে সার্চ কমিটির সদস্যদের সব ধরনের সহায়তা করার বিষয়ে তারেক রহমানের কাছে অঙ্গীকার করেছেন বিক্ষুব্ধরা। গতকাল বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্কাইপের মাধ্যমে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাদের সঙ্গে আলাপকালে তারা তারেক রহমানের কাছে এ অঙ্গীকার করেন। বৈঠকে শেষে রাতে দেশ রূপান্তরকে এ কথা জানান ছাত্রদলের বিলুপ্ত কমিটির সহসভাপতি ইখতিয়ার কবির।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের বক্তব্য শুনেছেন। আগামীতে মূল্যায়নের আশ্বাস দিয়েছেন। তার আশ্বাস পেয়ে সার্চ

 কমিটিকে ছাত্রদলের নতুন কমিটি গঠনে সব ধরনের সহায়তার কথা দিয়েছি।

 বৈঠকে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাদের সঙ্গে ছিলেন সার্চ কমিটির সদস্য যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।

ছাত্রদলের নতুন কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী গতকাল দেশ রূপান্তরকে বলেন, আগামী দুই-একদিনের মধ্যে ছাত্রদলের নতুন কমিটি গঠনের জন্য তফসিল ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, রোজার ঈদের আগে গত ৩ জুন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় সংসদ বাতিল করা হয়। একইসঙ্গে পরবর্তী ৪৫ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে ছাত্রদলের নতুন কমিটি করার কথা বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, ২০০০ সালের পর থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরাই ছাত্রদলের কমিটিতে স্থান পাবে। এরপর বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা গত ১০ জুন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। কার্যালয়ের ভেতরে রিজভীকেও তারা অবরুদ্ধ করে রাখে। তারা বয়সসীমা না রেখে গতানুগতিকভাবে নতুন কমিটি গঠনের দাবি জানায়। পরে ২৩ জুন বিক্ষুব্ধ ১২ ছাত্রদল নেতাকে বহিষ্কার করে বিএনপি।