জেনেভায় অবলীলায় মিথ্যাচার করেছেন আইনমন্ত্রী : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, জেনেভায় নির্যাতনবিরোধী এক কনভেনশনে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক অবলীলায় মিথ্যাচার করেছেন। কনভেনশনে আইনমন্ত্রী বলেছেন, দেশে গুমের ঘটনা নেই। এমন কোনো কথা তার জানা নেই। গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আইনমন্ত্রী

মিথ্যাচার করলেও গণমাধ্যমে সংবাদ এসেছে গত দুই-তিন দিন ধরে একটি  বেসরকারি টিভি চ্যানেলের সিনিয়র সাংবাদিক গুম হয়ে  গেছেন। তার খোঁজ পাওয়া যাচ্ছে না। বিএনপির এম ইলিয়াস আলী এমপি, সাবেক সাংসদ পারভেজ আহমেদ, সাবেক কমিশনার চৌধুরী আলমের খোঁজ পাওয়া যাচ্ছে না ৭/৮ বছর ধরে। এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির প্রায় ৫শ’র ওপর নেতাকর্মী গুম হয়ে গেছে।

তিনি বলেন, দেশের প্রখ্যাত আইনজীবী শাহদীন মালিক কয়েক দিন আগে বলেছেনÑ বাংলাদেশের নাগরিকের কোনো সুরক্ষা নেই। কে কখন কার কী ঘটবে সেটা আপনার নিরাপত্তার দিক থেকে হোক, স্বাস্থ্যের দিক থেকে হোক, জীবনের দিক থেকে হোকÑ কোথাও কোনো সুরক্ষা নেই। তার ওই বক্তব্যের ওপর যুগান্তর পত্রিকায় একটি জরিপ প্রকাশ করা হয়েছে। সেখানে শতকরা ৯৩ জন তার বক্তব্যকে সমর্থন করেছে। অর্থাৎ প্রত্যেকটি মানুষ মনে করছে, এ রাষ্ট্র তার জন্য নিরাপদ নয়, তার সুরক্ষা নেই। আজকে সরকার রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।

বিএনপি মহাসচিব বলেন, মিডিয়া গুরুত্ব দেওয়ায় মানুষ  ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে জানতে পারছে। না হলে এই সরকার ডেঙ্গুজ¦রকে গুজব বলে উড়িয়ে দিত। আসলে মন্ত্রী ও  মেয়রদের কোনো লজ্জা-শরম নেই। এককথায় বলা যায়  বেহায়া। এরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই এদের উদ্দেশ্য থাকে জনগণের টাকা লুট করার।

এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী  স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সাহায্যার্থে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অতীতে বিএনপি অনেক জটিল ও ভঙ্গুর পথ পাড়ি দিয়ে জনগণের সহযোগিতায় ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছে। বর্তমান সংকটও কেটে যাবে। মির্জা ফখরুল বলেন, স্বাস্থ্যমন্ত্রী গত তিন মাস নাকে তেল দিয়ে ঘুমিয়েছেন। যার কারণে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর, মহিলা দলের নেত্রী হেলেন জেরিন খান প্রমুখ।