মাদারীপুরে কলেজ হোস্টেলে নার্সিং ছাত্রীর ঝুলন্ত লাশ

মাদারীপুরে ডিডব্লিউএফ নামে একটি বেসরকারি নার্সিং কলেজের হোস্টেল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মৌ দত্ত। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে হোস্টেলে ৩০৪ নং কক্ষের দরজা ভেঙে ভেতরে ঝুলন্ত লাশ দেখতে পান তার সহপাঠীরা। সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মৌ দত্ত ওই কলেজের ডিপ্লোমা অ্যান্ড নার্সিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জের কাটাদিয়া গ্রামে। মাদারীপুর শহরে ইটেরপুল এলাকায় রফিক সুপার মার্কেটের দ্বিতীয় তলায় গত ৯  মাস আগে চালু হয় ডিডব্লিউএফ নামের নার্সিং কলেজ। একই বিল্ডিংয়ের তৃতীয়তলায় রয়েছে কলেজের হোস্টেল। 

পুলিশ ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল সকাল ৯টায় কলেজের ডিপ্লোমা অ্যান্ড নার্সিং বিভাগের প্রথম বর্ষের ক্লাস শুরু হয়। এর আগে তার সহপাঠীরা ক্লাসে যেতে অনুরোধ করলে মন খারাপের কথা বলে ক্লাসে যায়নি মৌ। এরপর বেলা সাড়ে ১১টার দিকে সহপাঠীরা এসে হোস্টেলের ৩০৪ নম্বর কক্ষের দরজা ধাক্কাধাক্কি করলে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে সহপাঠীরা দেখে ফ্যানের সঙ্গে ঝুলছে মৌর লাশ। পরে তারা পুলিশকে খরব দেয়। 

মাদারীপুর ডিডব্লিউএফ নার্সিং কলেজের অধ্যক্ষ মার্গারেট সরজিনী বিশ্বাস বলেন, গত দুদিন থেকে মৌ ক্লাসে অনুপস্থিত ছিল। কী কারণে এমন ঘটেছে, তা বলতে পারছি না। তার এমন মৃত্যুতে প্রতিষ্ঠানটির সবাই হতবাক।’

মাদারীপুর সদর থানার ওসি সওগাতুল আলম বলেন, মৌর হোস্টেল কক্ষ থেকে চারটি চিরকুট উদ্ধার করা হয়েছে। একটিতে তার মা-বাবার উদ্দেশে কিছু কষ্টের কথা লেখা। অন্য একটিতে তার হোস্টেলের রুমমেট শাবনুর ও ঝুমকির উদ্দেশে কিছু কথা লেখা। অন্য চিরকুটে সে অজানা প্রেমঘটিত কিছু কথা লিখেছে। সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।