দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটি। গত সোমবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচাযের্র সম্মেলন কক্ষে কমিটির ২৬১তম সভায় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন। একাধিক উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা ও আনুষঙ্গিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। দেশের সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর থেকে। এরপর ১৪, ২০, ২১, ২৭, ২৮ সেপ্টেম্বর বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪, ২০, ২১, ২৯ সেপ্টেম্বর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২২ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০ থেকে ২২ অক্টোবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৬ থেকে ৩১ অক্টোবর, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪ থেকে ৮ নভেম্বর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ২৬ অক্টোবর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৮ থেকে ৯ নভেম্বর, ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১৭ থেকে ২১ নভেম্বর, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৮ ও ১৯ অক্টোবর, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১০ থেকে ১৪ নভেম্বর, খুলনা বিশ্ববিদ্যালয়ে ২ নভেম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ৮ ও ৯ ডিসেম্বর, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ে ২৯ নভেম্বর এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দেশের ৫টি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষা হবে ৫ অক্টোবর, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২ অক্টোবর, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৪ অক্টোবর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৫ অক্টোবর এবং রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে ১৫ নভেম্বর।
দেশের ৮টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিনাজপুরে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে ২ থেকে ৫ ডিসেম্বর, সিলেটের হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৬ অক্টোবর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২১ ও ২২ নভেম্বর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৫ ও ১৬ নভেম্বর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০ ও ২১ ডিসেম্বর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ ও ২ নভেম্বর, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২২ ও ২৩ নভেম্বর এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৬ ডিসেম্বর।
অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ চলবে। প্রার্থীদের অনলাইন আবেদন ফরম আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। আর ১ অক্টোবর থেকে অনার্স ১ম বর্ষের ক্লাস শুরু হবে।
৪ গবেষককে ইউজিসি প্রফেসর ঘোষণা : দেশের খ্যাতিমান চার গবেষককে ‘ইউজিসি প্রফেসর’ হিসেবে নির্বাচিত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল মঙ্গলবার ইউজিসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার এক সভায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ইউজিসি প্রফেসর নির্বাচন কমিটি তাদেরকে আগামী দুই বছরের জন্য ইউজিসি প্রফেসর হিসেবে নির্বাচিত করে।
নির্বাচিত ইউজিসি প্রফেসররা হলেনÑ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. ফকরুল আলম, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. খোরশেদ আহম্মদ কবির, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্লান্ট প্যাথলজি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. আব্দুল মান্নান আকন্দ।
জানা গেছে, ইউজিসি প্রফেসরশিপ নীতিমালা অনুযায়ী অবসরপ্রাপ্ত খ্যাতিমান গবেষকদের ইউজিসি প্রফেসরশিপ প্রদান করা হয়। একজন সিলেকশন গ্রেডপ্রাপ্ত প্রফেসর সর্বোচ্চ যে সুযোগ-সুবিধাপ্রাপ্ত হন ইউজিসি প্রফেসরগণও একই সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন। ইউজিসি প্রফেসরগণ তাদের পছন্দানুযায়ী যেকোনো বিশ্ববিদ্যালয় অথবা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত থেকে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন।