সম্প্রচার খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

সম্প্রচার খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘সম্প্রচার খাতে দেশের আইন অনুযায়ী পরিপূর্ণ শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করছে সরকার। সবার সম্মিলিত প্রচেষ্টায় অবশ্যই আমরা তা করতে সক্ষম হব।’ গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই দেশের গণমাধ্যমের জন্য অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। তার পরিপ্রেক্ষিতে সম্প্রচারের ক্ষেত্রে যে বিশৃঙ্খলা ছিল, সেখানে অনেক শৃঙ্খলা ফিরে এসেছে। বিদেশি চ্যানেলের মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচার করা হয় সেটি পুরোপুরি বন্ধ না হলেও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘কেব্ল অপারেটররা নিজস্ব চ্যানেলের মতো করে যে বিজ্ঞাপন প্রদর্শন করত সেটি বন্ধ হয়েছে। অর্থাৎ সার্বিকভাবে এখানে যে বিশৃঙ্খলা ছিল সেখানে অনেকটা শৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি, সবার সম্মিলিত প্রচেষ্টায় এখানে পরিপূর্ণ শৃঙ্খলা ফিরে আসবে।’

গুজব এবং ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি সমস্ত টেলিভিশন চ্যানেল ও পত্র-পত্রিকাকে ধন্যবাদ জানাই যে, দেশে কিছুদিন ধরে যে গুজব তৈরি করার চেষ্টা হয়েছিল তার বিরুদ্ধে আপনারা অত্যন্ত জোরালো ভূমিকা রেখেছেন। একই সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধিতেও দেশের সব টিভি চ্যানেল ও পত্র-পত্রিকা অত্যন্ত ভালো প্রচার চালাচ্ছে।’

তথ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি সঞ্চালনা করেন তথ্যসচিব আবদুল মালেক। এতে অন্যদের মধ্যে অ্যাটকোর সহসভাপতি মোজাম্মেল হক বাবু এবং অ্যাটকোর কার্যনির্বাহী সদস্য ও প্রতিনিধিদের মধ্যে ইকবাল সোবহান চৌধুরী, আরিফ হাসান, আবদুল হক ও আহমেদ জোবায়ের উপস্থিত ছিলেন।