হত্যার হুমকির মামলা

ফখরুলসহ চার বিএনপি নেতাকে আত্মসমর্পণের নির্দেশ

হত্যার হুমকি ও ভয়ভীতির অভিযোগে করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ছয় সপ্তাহের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এ সময়ের মধ্যে চার নেতাকে গ্রেপ্তার ও হয়রানি না করতে বলেছে আদালত। চারজনের করা আগাম জামিন আবেদনের ওপর শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচাপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এসব নির্দেশ দেয়।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম ও গোলাম মোস্তফা তারা। এর আগে গত সোমবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ বি সিদ্দিকী বাদী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ওই চার নেতাসহ নয়জনের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, বুয়েটের বহিষ্কৃত শিক্ষক হাফিজুর রহমান রানা ও ছাত্রদল নেতা এমদাদুল হক ভূঁইয়া। আদালতের বিচারক অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

মামলার বাদী অভিযোগে জানান, গত ২৩ জুলাই হাফিজুর রহমান রানা একটি চিঠি পাঠিয়ে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেন। এছাড়া ওই চিঠিতে জঙ্গিগোষ্ঠী আইএসের কথা উল্লেখ করে আইএস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সবাইকে হত্যা করে দেশে তারেক রহমানের নেতৃত্ব প্রতিষ্ঠা করার কথা বলা হয়। একই সঙ্গে তারেক রহমানের সঙ্গে আইএসের যোগাযোগ হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন বহিষ্কৃত ওই শিক্ষক।