চুয়াডাঙ্গা থেকে অপহৃত ব্যক্তি ৬ দিন পর খুলনায় উদ্ধার

অপহরণের ৬ দিন পর চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির কর্মকর্তা জাহিদুল ইসলামকে (৩৫) উদ্ধার করেছে র‌্যাব। বুধবার রাত ১২টার দিকে খুলনার দিঘিলিয়া উপজেলার সোনাপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

এ সময় গ্রেপ্তার করা হয় অপহরণকারী চক্রের এক সদস্যকে। তার নাম আব্দুল রাকিব (৩৭)। তিনি খুলনার দৌলৎপুর উপজেলার মধ্যডাঙ্গা গ্রামের শওকত আলী শেখের ছেলে।

র‌্যাব জানায়, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুকিয়া চাঁদপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের ছেলে কেরু অ্যান্ড কোম্পানির ইঞ্জিনিয়ার বিভাগের কর্মকর্তা জাহিদুল ইসলাম ১ আগস্ট সকালে খুলনা থেকে অপহৃত হন। এর দুই দিন পর অপহরণকারীরা জাহিদুল ইসলামের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

টাকা না দিলে জাহিদুলকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। বিষয়টি তার ভাই নিজম উদ্দীন পুলিশকে অবহিত করে মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ঝিনাইদহ র‌্যাব-৬,র ক্যাম্প (অতিরিক্ত পুলিশ সুপার) কমান্ডার মাসুদ আলম জানান, অপহরণের বিষয়টি অবহিত হওয়ার পর আমরা অপহৃতকে উদ্ধারে অভিযান শুরু করি। র‌্যাবের প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা অপহরণকারী চক্রের অবস্থান শনাক্ত করি। পরে বুধবার রাতে খুলনার দিঘিলিয়া উপজেলার সোনাপুর গ্রামের জনৈক লাভলু শেখের বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে অপহৃত জাহিদুল ইসলামকে উদ্ধার করা হয়।

এ সময় গ্রেপ্তার করা হয় অপহরণকারী দলের সদস্য আব্দুর রাকিবকে। বুধবার রাতেই অপহৃত জাহিদুল ও অপহরণকারী রাকিবকে চুয়াডাঙ্গা সদর থানায় সোর্পদ করে র‌্যাব।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপহৃত জাহিদুলের ভাই নিজাম উদ্দীন বাদী হয়ে দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।