ডমিঙ্গোর প্রেজেন্টেশনে সন্তুষ্ট বিসিবি

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদটা এখন ফাঁকা। বিশ্বকাপের পরই স্টিভ রোডসকে বিদায় বলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগারদের নতুন কোচের সন্ধানে এখন দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

রোডসের উত্তরসূরি হতে বুধবার সাক্ষাৎকার দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। এই মুহূর্তে যিনি দক্ষিণ আফ্রিকা    ‘এ’ দলের দায়িত্বে।

বিসিবিতে সাক্ষাৎকার দিতে এসে ডমিঙ্গো যে প্রেজেন্টেশন দিয়েছেন, তাতে বিসিবি বেশ সন্তুষ্ট। তবে সংক্ষিপ্ত তালিকায় থাকা আরো দুজনের সাক্ষাৎকার গ্রহণ শেষে কোচ চূড়ান্ত করতে চায় বিসিবি।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস সংবাদমাধ্যমকে বলেন, ‘কয়েকজন কোচ আমাদের সংক্ষিপ্ত তালিকায় আছেন। আমরা তাদের সাথে কার্যক্রম শুরু করে দিয়েছি। আজকে ছিলেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো। উনি সাক্ষাৎকার দিয়ে গেছেন। আমাদের হাতে দুজন আছেন। তাদের সাথেও যোগাযোগ করছি। তারা শিগগির এসে সাক্ষাৎকার দেবেন। তাদের নাম আমরা বলছি না এই মুহূর্তে।’

তা ডমিঙ্গোকে কেমন লাগল বিসিবির। এমন প্রশ্নে জালাল ইউনূস বলেন, ‘উনি বাংলাদেশ ক্রিকেট নিয়ে কী চিন্তা করেন, এ বিষয়ে তার ভাবনা উপস্থাপন করেছেন। কীভাবে উনি কাজ করতে পারবেন, দল কীভাবে ভালো করবে, সবকিছু নিয়ে উনার সাথে কথা হয়েছে। আমি বলব তার উপস্থাপনা বিসিবির জন্য সন্তোষজনক ছিল।’

৪৪ বছর বয়সী ডমিঙ্গো কখনো আন্তর্জাতিক বা প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি। তবে এই দক্ষিণ আফ্রিকানের কোচিং অভিজ্ঞতা ২২ বছরের। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৫ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে সেমি-ফাইনালে নিয়ে যান ডমিঙ্গো।

২০১৭ সালে জাতীয় দল থেকে সরিয়ে ‘এ’ দলের কোচ হিসেবে তাকে নিয়োগ দেয় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। জাতীয় দলের আগেও ‘এ’ দলের দায়িত্ব সামলান তিনি।