ধর্ষণের অভিযোগ

খুলনা রেলওয়ে থানার ওসি ও এসআই প্রত্যাহার

ট্রেনযাত্রী এক নারীকে থানাহাজতে ধর্ষণের অভিযোগে তদন্ত চলার মধ্যে খুলনা রেলওয়ে থানার ওসি ওসমান গনি পাঠান এবং এসআই নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার সকালে তাদের প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফিরোজ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

ওসিসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে থানাহাজতে দল বেঁধে ধর্ষণ ও মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ তোলা ওই নারী (৩০) তিন সন্তানের মা। গত ৩ আগস্ট আদালতে হাজির করা হলে তিনি বিচারকের কাছে এ অভিযোগ করেন। আদালতের নির্দেশে গত ৫ আগস্ট দুপুরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা করা হয়। ধর্ষণের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে রেলওয়ে পুলিশ।

তদন্ত কমিটির প্রধান ফিরোজ আহমেদ বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা এবং গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদের ক্লোজ করা হয়েছে। বাকি তিন পুলিশ সদস্যের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধর্ষণের অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। গত মঙ্গলবার দুপুর থেকে তদন্ত কমিটি কাজ শুরু করে।

ওই নারীর ভগ্নিপতি জানিয়েছিলেন, ‘গত ২ আগস্ট শ্যালিকা যশোর থেকে ট্রেনে খুলনায় আসে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা রেলস্টেশনে দায়িত্বরত রেলওয়ে পুলিশের সদস্যরা তাকে সন্দেহজনকভাবে ধরে নিয়ে যায়। রাতে ওসি ওসমান গনি পাঠান এবং চার পুলিশ সদস্য তাকে ধর্ষণ করে। পরদিন পাঁচ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।’