শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আজ থেকে ডেঙ্গুর চিকিৎসা

ডেঙ্গুজ¦রে আক্রান্ত অপেক্ষাকৃত কম গুরুতর রোগীদের আজ বৃহস্পতিবার থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) কর্র্তৃপক্ষ। গতকাল বুধবার প্রতিষ্ঠানটির  পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, ডেঙ্গুর চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে যাদের অবস্থা বেশি গুরুতর তাদেরই ঢামেকে ভর্তি করা হবে। বাকিদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হবে। যদি কেউ গুরুতর অবস্থায় পৌঁছায় তবে তাকে ঢামেকে স্থানান্তর করা হবে। সেখানে অন্তত ২০০ রোগীকে চিকিৎসা দেওয়া যাবে। এজন্য প্রয়োজনীয় বেড, ডাক্তার ও নার্সদের প্রস্তুত রাখা হয়েছে। বার্ন ইনস্টিটিউট ঢাকা মেডিকেলের মেডিসিন ও শিশু বিভাগের অংশ হিসেবে ব্যবহার করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জানুয়ারি থেকেই এখানে ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিচ্ছেন। কিন্তু প্রথম থেকেই ঢামেকে কিট সমস্যা ছিল না। এছাড়া ডেঙ্গু রোগীদের যাবতীয় ওষুধপত্র হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৬২ জনসহ বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ৭২১ জন চিকিৎসাধীন; ছাড়পত্র পেয়েছেন ১২১ জন।

এদিকে ঢামেকে গতকাল ভোরে আওলাদ হোসেন (৩২) নামে আরেক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার মোফাজ্জল হোসেনের ছেলে। বেসরকারি হিসাবে এ নিয়ে হাসপাতালটিতে ১৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।