গরুর হাট থেকে ফেরার পথে বাবা ও চাচাকে বেঁধে এক যুবককে হত্যার পর তাদের কাছে থাকা আড়াই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে রাজশাহীর কাটাখালী থানার কুখন্ডি বাইপাস সড়কে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জরিপ উদ্দিন মৃধা (৩৬) নাটোরের সিংড়া উপজেলার আলাল উদ্দিন মৃধার ছেলে (৬০)। চাচা মোশাররফ হোসেন মৃধা। তারা গরু ব্যবসায়ী। পুলিশ বুধবার রাত ১১টার দিকে গিয়ে জরিপ মৃধার মরদেহ ও অন্যদের উদ্ধার করে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, নাটোরের সিংড়া থেকে তিনজন সিটি হাটে গরু কিনতে এসেছিলেন। তাদের কাছে আড়াই লাখ টাকা ছিল। তারা গরু ব্যবসায়ী। সিটি হাট থেকে গরু কিনে তারা নাটোরে নিয়ে বিক্রি করেন।
কিন্তু দামে পরতা না পড়ায় হাট থেকে গরু না কিনে রাতে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যার পর কোনো যানবাহন না পেয়ে তারা একটি ট্রাকের উঠে পড়েন। ট্রাকটি সিটি বাইপাস হয়ে খড়খড়ি এলাকায় পৌঁছালে আরও তিনজন ওই ট্রাকে ওঠে।
এ সময় ওই তিন দুর্বৃত্ত জরিপের বাবা ও চাচাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। জরিপকে বাঁধার চেষ্টা করলে তিনি বাধা দেন।
এক পর্যায়ে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হলে ট্রাকের উপরেই তার মৃত্যু হয়। এ সময় তার কাছে থাকা আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ট্রাকে করে বিভিন্ন এলাকা ঘুরিয়ে কুখন্ডি বাইপাস এলাকায় ওই তিনজনকে ট্রাক থেকে ফেলে দেওয়া হয়।
খাটাখালি থানার ওসি জিল্লুর রহমান জানান, রাত ১১টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে। নিহত জরিপের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। জরিপের বাবা ও চাচা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তাদের দেওয়া বর্ণনা অনুযায়ী খুনিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
পুলিশের ধারণা, খুন ও ছিনতাই করেছে, তারা সংঘবদ্ধ কোনো চক্র। তারা পরিকল্পিতভাবেই তিনজনকে ট্রাকে উঠিয়ে নিয়ে গিয়ে খুন ও ছিনতাইয়ের ঘটনা ঘটায়।