শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্র নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র (খালকুলা) গ্রামে আব্দুল্লাহ (২০) নামের এক কলেজ ছাত্র  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার ধলহরাচন্দ্র (খালকুলা) গ্রামে দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মোতাহার হোসেন মোল্যার ছেলে ও লাঙ্গলবাঁধ আদিল উদ্দীণ ডিগ্রি কলেজের ছাত্র।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে মোটরপাম্পে বিদ্যুতের কাজ করছিলেন আব্দুল্লাহ। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মো. বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (ইউডি) মামলা হয়েছে।