ডেঙ্গুতে কুমুদিনী হাসপাতালে যুবকের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরিফ হোসেন কাজল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালের এম.এম.এ ওয়ার্ডে তার মৃত্যু হয়।

নিহত আরিফ হোসেন কাজল উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের আলম মিয়ার ছেলে।

কুমুদিনী হাসপাতপালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় জানান, গত ৪ আগস্ট আরিফ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। পরে বুধবার সন্ধ্যার পর থেকেই কাশের সঙ্গে রক্ত ও বমি হতে থাকে। এমতাবস্থায় তার রক্তের প্রয়োজন হলে পরিবারের লোকদের রক্তের ব্যবস্থা করতে বলা হয়। তবে রক্তের ব্যবস্থা করার পূর্বেই আরিফের মৃত্যু হয়। রাতেই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত এ হাসপাতালে ১০৪ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৯১ জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। বর্তমানে কুমুদিনী হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন ভর্তি হয়।

এদিকে টাঙ্গাইলে মোট ৩০৩ জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়। এর মধ্যে চিকিৎসা নিয়ে ২২২ জন রোগী বাড়ি ফিরে গেছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে ৮১ জন রোগী ভর্তি আছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নারায়ন চন্দ্র সাহা জানান, জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত ১৯৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল। এর মধ্যে ১৩১ জন চিকিৎসা নিয়ে চলে গেছে। আজ ৬৮ জন রোগী ভর্তি আছে।