গর্ভাবস্থার অশান্তি সন্তানের আচরণগত সমস্যার কারণ

গর্ভকালীন অবস্থায় কোনো নারী মানসিক চাপের ভেতর থাকলে কিংবা স্বামীর সঙ্গে নিয়মিত ঝগড়া করলে তাদের সন্তানের আচরণে সেটির প্রভাব পড়ে বলে নতুন একটি গবেষণায় জানা গেছে।

জার্নাল ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোপ্যাথলজি’তে প্রকাশিত গবেষণার ফলাফলে বলা হয়েছে, দাম্পত্য অশান্তিতে থাকা পিতা-মাতার সন্তানের ভেতর দুই বছর বয়সে আচরণের বিষয়টি স্পষ্ট হয়। সন্তানের আচরণ ঠিক রাখতে গর্ভকালীন কিংবা তার পরবর্তীতে বিষয়টি নিয়ে স্বামী, স্ত্রীর সচেতন থাকা উচিত বলে ফলাফলে উল্লেখ করা হয়েছে।

প্রথমবার সন্তানের মুখ দেখতে যাচ্ছেন এমন ৪৩৮ দম্পতিকে গবেষণাটির জন্য বেছে নেওয়া হয়।

গবেষণায় দেখা গেছে, প্রথমবার মা হচ্ছেন এমন নারীর আচরণ তার সন্তানের ওপর সরাসরি প্রভাব ফেলে। যেসব নারী গর্ভাবস্থায় মানসিক সমস্যায় ভোগেন তাদের সন্তানেরা মেজাজ হারানো এবং অস্থিরতার মতো সমস্যায় ভোগে।