রাজধানীর গ্রিন রোডে পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ হারালেন এক চিকিৎসক। ডা. পলাশ দে নামের ওই চিকিৎসক গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউ বিভাগে কর্মরত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তিনি দুপুরের খাবার খেতে হাসপাতাল থেকে বেরিয়ে ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার হসপিটালের গলিমুখে পৌঁছেই বিদ্যুতায়িত হন। স্থানীয়রা উদ্ধার করে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালেই বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আ ফ ম আসাদুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, রাস্তায়
জমে থাকা পানির মধ্যে বিদ্যুতের তার পড়েছিল। সেই তারে জড়িয়ে যান তিনি। তিনি জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে। কীভাবে বিদ্যুতের তার রাস্তার মধ্যে পড়েছিল, সে বিষয়েও তদন্ত করে দেখা হচ্ছে।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে পাস করা এই চিকিৎসক দেড় বছর আগে গ্রিন লাইফ হাসপাতালে যোগ দেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকায়।
এদিকে পলাশের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি উপজেলার প্রাণনাথপুর পালপাড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। আগামী শনিবার ঈদের ছুটিতে তার বাড়িতে যাওয়ার কথা ছিল। মা ছেলের পছন্দের খাবার তৈরির সব প্রস্তুতিও শেষ করে ছিলেন। কিন্তু খবর পেলেন রাতেই ছেলের লাশ আসছে বাড়িতে।