বাংলাদেশের শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে খেলবে ভারতের ঐতিহ্যবাহী মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। শুক্রবার বিকেলে কলকাতায় ক্লাবটির কর্মকর্তারা এ টুর্নামেন্টে খেলার সম্মতিপত্র তুলে দেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার মোহাম্মদ রুহুল আমিনের হাতে।
গত কয়েক বছর ধরে চট্টগ্রাম আবাহনী এই টুর্নামেন্টটি আয়োজন করছে। এবার কবে শুরু হবে, সেই তারিখ এখনো ঠিক হয়নি।
তরফদার মোহাম্মদ রুহুল আমিন জানিয়েছেন, অক্টোবরের তৃতীয় সপ্তাহে তারা টুর্নামেন্ট শুরু করবেন।
টুর্নামেন্টে এবারের আসরটি হবে ৮ দল নিয়ে। মোহনবাগান নিশ্চয়তা দেওয়ায় চারটি দল হয়ে গেল। আগস্টের মধ্যেই সব দল চূড়ান্ত হবে।
বাংলাদেশের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, রানার্সআপ আবাহনী এবং আয়োজক চট্টগ্রাম আবাহনী খেলবে স্থানীয় ক্লাবগুলোর মধ্যে।
এ ছাড়া থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালদ্বীপ, নেপাল ও কম্বোডিয়ার মধ্যে যে কোনো তিনটি ক্লাবকে আনার চেষ্টা চলছে।
চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের সর্বশেষ আসর বসেছিল ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ। প্রথম টুর্নামেন্ট হয়েছিল ২০১৫ সালের ২০ থেকে ৩০ অক্টোবর। বিদেশি ক্লাবগুলো পাওয়া নিয়ে জটিলতার কারণে টুর্নামেন্টের সময় নির্দিষ্ট রাখতে পারেনি চট্টগ্রাম আবাহনী।