টনসিলের সমস্যা নিয়ে ভর্তি হয়ে ‘ডেঙ্গু’তে মৃত্যু

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম মো. শামীম (২০)। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে নিয়ে এই হাসপাতালে শিশু, নারীসহ ২৩ জনের মৃত্যু হলো। শামীমের এক আত্মীয়ের

দাবি, ঢামেকে এডিস মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

শামীমের খালাতো ভাই জাকির হোসেন দেশ রূপান্তরকে জানান, তাদের বাড়ি মানিকগঞ্জের ঘিওর এলাকায়। গত বুধবার টনসিলের সমস্যার কারণে শামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলারোগ বিভাগে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে শামীম চিকিৎসাধীন অবস্থাতেই এডিস মশার কামড়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। পরে রক্ত পরীক্ষা করে চিকিৎসকরা জানতে পারেন, তার ডেঙ্গু হয়েছে। এরপর তাকে নাক-কান-গলারোগ বিভাগ থেকে মেডিসিন বিভাগে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরই একপর্যায়ে গতকাল বিকেলে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, ‘শামীমের মৃত্যুর খবর শুনেছি। তবে সে শুধু ডেঙ্গুর কারণেই মারা গেছে, নাকি অন্য কোনো অসুস্থতার কারণে মারা গেছে, তা নিশ্চিত হতে কিছু নমুনা আমরা আইইডিসিআরে পরীক্ষায় পাঠিয়েছি। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’