গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে ছয়জনকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
শনিবার ভোরে সদর উপজেলার চল্লিশা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো সাইদুর রহমান, জামান, পাবেল, হোটেল ম্যানেজার মাহফুজুল ইসলাম মামুনসহ আরো দুজন। তারা চল্লিশা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম জানান, ওই গৃহবধূ তার স্বামী ইব্রাহীমকে নিয়ে ঈদের ছুটিতে ঢাকা থেকে নেত্রকোনার কলমাকান্দায় ফুফুর বাড়ি যাচ্ছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে নেত্রকোনার চল্লিশার বিসিক শিল্পনগরী এলাকার সারিন্দা নামক হোটেলে তারা রাতের খাবারের জন্য নামেন। হোটেল ম্যানেজার মামুনের সঙ্গে এ সময় তাদের কথাকাটাকাটি হয়।
ওসি জানান, এর জের ধরে স্বামীকে আটকে রেখে ম্যানেজারসহ কয়েকজন মিলে গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় আরো কয়েকজন ধর্ষণে সহযোগিতা করে।
তিনি বলেন, গৃহবধূ ও তার স্বামী থানায় এসে পুলিশের কাছে অভিযোগ করেন। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে হোটেল ম্যানেজারসহ ছয়জনকে আটক করে পুলিশ।
তাজুল ইসলাম আরো বলেন, জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন চার অভিযুক্ত। ওই নারীকে পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।