আর্সেনালেরও শুভ সূচনা

ইংলিশ প্রিমিয়ার লিগে অন্য বড় দলগুলোর মতো আর্সেনালও জয় দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছে। সেন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেডকে তারা ১-০ গোলে হারিয়েছে।

রোববার ম্যাচের একমাত্র গোলটি করেন পিয়ের-এমেরিক অবামেয়াং।

মেসুত ওজিল, কোলাসিনাকের মতো তারকাদের বেঞ্চে রেখে উনাই এমেরি দল সাজান। নিরাপত্তা ঝুঁকিতে তাদের রাখেননি তিনি।

নিয়মিত মিডফিল্ডার বাইরে রাখায় আর্সেনাল প্রথমার্ধে বেশ ভোগে। আক্রমণে সেই অর্থে ধার ছিল না।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল আসে বেশ দেরিতে। ম্যাচের ৫৮ মিনিটে জড়তা কাটান পিয়েরে-এমেরিক।

ডান প্রান্ত দিয়ে এইন্সলি মেইটল্যান্ড-নাইলসের উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে পা উঁচু করে নামিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ঠাণ্ডা মাথায় জালে পাঠান এই ফরোয়ার্ড।

এর আগে শুক্রবার লিগের উদ্বোধনী ম্যাচে নরিচ সিটিকে ৪-১ গোলে হারায় গতবারের লিগ রানার্সআপ লিভারপুল। শনিবার ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারায় টটেনহ্যাম হটস্পার। একই দিনে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৫-০ গোলে জয় পায় বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।