নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় লবণবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
রবিবার রাত ১০টার দিকে গাজীপুর-মদনপুর বাইপাস সড়কের উপজেলার কালাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পুলিশ কনস্টেবল সায়মন ইসলাম দুর্জয় ও রাজধানীর মেরুল বাড্ডার স্বর্ণ ব্যবসায়ী নিশি কান্ত দাসের ছেলে শিপন চন্দ্র দাস।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট পঙ্কজ চন্দ্র জানান, রাতে কালাদী এলাকায় চট্টগ্রামগামী একটি লবণের ট্রাকের সঙ্গে ভুলতাগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পুলিশ সদস্য সায়মন ইসলাম দুর্জয় ও রাজধানীর স্বর্ণ ব্যবসায়ী শিপন চন্দ্র দাস নিহত হন।
এ ঘটনায় ট্রাকের চালক ও তার হেলপারকে আটক করা হয়েছে বলে তিনি জানান।