সড়কে প্রাণ গেল ২৪ জনের

গত তিন দিনে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নারী, শিশু, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ ২৪ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বগুড়ার শাজাহানপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার নরসিংদীর শিবপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দুজন নিহত হন। নেত্রকোনার কেন্দুয়ায় ভাইয়ের বিয়েতে যাওয়ার সময় এক যুবক নিহত হয়েছেন। চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়।

গাইবান্ধা-দারিয়াপুর সড়কের সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের উত্তর আনালেরতাড়ী গ্রামে গত মঙ্গলবার রাতে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন। গত রবিবার সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় আটোভ্যান উল্টে স্ত্রীসহ সাংবাদিক নিহত হয়েছেন। রায়গঞ্জে বাসের ধাক্কায় শরীফ মেলামাইন কোম্পানির দুই সদস্য নিহত হন। ঈদের দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে গাড়িচাপায় নারীসহ দুজন নিহত হন। যশোরের মনিরামপুরে ঈদের দিন দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কার সিদ্দিকী শিমুল নামে মালয়েশিয়াপ্রবাসী নিহত হয়েছেন।

গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পারভেজ নামে এক যুবক নিহত হয়েছেন। কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় বাসচাপায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

রাজধানীতে ৪ জনের মৃত্যু : রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত থেকে গত মঙ্গলবার রাতের মধ্যে রাজধানীর বিমানবন্দর বাসস্ট্যান্ড, শান্তিনগর, বাড্ডা ও মেয়র হানিফ উড়াল সেতুতে এসব দুর্ঘটনা ঘটে। গত মঙ্গলবার বিকেলে বিমানবন্দর বাসস্ট্যান্ডে চলন্ত দুই বাসের মাঝে চাপা পড়ে মো. সেলিম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উত্তরা ৪ নম্বর সেক্টরের কর অঞ্চল ৯-এর আয়কর অফিসের অফিস সহকারী (পিয়ন) হিসেবে চাকরি করতেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছায়। রাজধানীর দক্ষিণখান এলাকায় থাকতেন।

গত সোমবার রাতে শান্তিনগর এলাকায় সোহেল (৩০) ও বাড্ডা এলাকায় রিনভী (২৫) নামে দুজন নিহত হন। সোহেল ঈদের রাত পৌনে ১টার দিকে মামাতো ভাই কবিরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরছিলেন। এরই একপর্যায়ে শান্তিনগরের উড়াল সেতু দিয়ে নামার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে দুজনই ছিটকে পড়েন। এদিকে রিনভী ঈদের রাতে স্বামীকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। তারা উত্তর বাড্ডায় ফুজি টাওয়ারের সামনের সড়ক পার হওয়ার সময়ে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হানিফ ফ্লাইওভারের গুলিস্তান অংশে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

নরসিংদীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ নিহত ২ : নরসিংদীর শিবপুরে বাসের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন । ঈদের পরের দিন গত মঙ্গলবার রাতে উপজেলার চান্দারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ধানুয়া গ্রামের লামিয়া আক্তার (১৮) ও বৈলাব গ্রামের সিএনজিচালক রিপন মিয়া (৩৫)। এর মধ্যে লামিয়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

নেত্রকোনায় ১ জন নিহত : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ছোট ভাইয়ের বিয়েতে যাওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মিলন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ৩টার দিকে ছোট ভাই নয়নের বিয়েতে যাচ্ছিলেন মিলন। তার মোটরসাইকেলের চালক ছিলেন রাজীব ও আরোহী রিয়াজউদ্দিন নামে আরেকজন। কেন্দুয়ার আঠারবাড়ি সড়কের সাহিতপুর গুচ্ছ গ্রামের মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মিলন মিয়াকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লায় মুক্তিযোদ্ধা নিহত : কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় বাসচাপায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তার নাম হাজি মো. রমিজউদ্দিন মাস্টার (৬৬)। গত শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

কুমিল্লা দেবপুর পুলিশ ফাঁড়ি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস মো. রমিজউদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গাইবান্ধায় ২ জন নিহত : গাইবান্ধা-দারিয়াপুর সড়কের সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের উত্তর আনালেরতাড়ী গ্রামে গত মঙ্গলবার রাতে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে অটোরিকশার আরও চার যাত্রী। নিহতরা হলেন খোলাহাটীর আদর্শ মাঠবাজার গ্রামের মজনু মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক খোরশেদ আলম (৩৩) ও যাত্রী লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালীবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে রোমান (২২)। আহতরা হলেন মালীবাড়ী ইউনিয়নের খোর্দ মালীবাড়ী গ্রামের রজব আলীর ছেলে লোকমান (২৫) ও মাঠবাজারের আরিফ (৩০)। অন্য দুজনের পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জে স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত : সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় আটোভ্যান উল্টে স্ত্রীসহ সাংবাদিক নিহত হয়েছেন। গত রবিবার সকালে উপজেলার কাঠেরপুল-চান্দাইকোনা সড়কের কামালেরচক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষ্মীকোলা বাজার এলাকার বাসিন্দা ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথা পত্রিকার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম (৪৮) ও স্ত্রী মোর্শেদা খাতুন (৪০)।

এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শরীফ মেলামাইন কোম্পানির দুই এসআর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয় বাসের তিন যাত্রী। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়ায় দম্পতিসহ নিহত ৩ : বগুড়ার শাজাহানপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দম্পতিসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ২০ জন। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে একটি বাসের একাংশ অন্যটির ভেতরে ঢুকে যায়। খবর পেয়ে বগুড়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বাস কেটে যাত্রীদের উদ্ধার করেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন রংপুর সদর উপজেলার কামার কাছনা গ্রামের আবদুল্লাহ আল কাফীর ছেলে খায়রুল ইসলাম যাদু (৪৫) ও তার স্ত্রী ঢাকা আইডিয়াল প্রিপারেটরি স্কুলের শিক্ষিকা রানু বেগম (৪৫) এবং অজ্ঞাতনামা এক ব্যক্তি (৫০)। দুর্ঘটনায় নিহত দম্পতির দুই সন্তান যথাক্রমে মিরাজ হোসেন (২২) ও জান্নাত খাতুন (১১) আহত হয়ে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন।

গোপালগঞ্জে নিহত ২ : গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। গত সোমবার সদর উপজেলার কাঠিবৌলতলী সড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেলের চাপায় মো. ইউনুচ মোল্যা (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। রাত সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্যদিকে গত মঙ্গলবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি নামক স্থানে বাসচাপায় কুলসুম বেগম (৭৬) নামে এক পথচারী নিহত হয়েছেন।                          

যশোরে প্রবাসী নিহত : যশোরের মনিরামপুরে ঈদের দিনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কার সিদ্দিকী শিমুল নামে মালয়েশিয়াপ্রবাসী নিহত এবং বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হলে সন্ধ্যার দিকে এদের মধ্যে মালয়েশিয়াপ্রবাসী শিমুলের মৃত্যু হয়। তিনি উপজেলার হেলাঞ্চি গ্রামের মোতালেব হোসেন গাজীর ছেলে।