পাওনা টাকা নিয়ে ঝগড়ায় লাঠির আঘাতে একজনের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পাওনা নিয়ে কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আমিরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার রাতে উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শেমারি বাজারে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম পার্শেমারি গ্রামের নাটা গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী আব্দুস সালাম ও আমিনুর রহমান জানান, পার্শেমারি বাজারের একটি চায়ের দোকানে রাত ৮টার দিকে নিজেদের মধ্যে দেনাপাওনা নিয়ে কথাকাটাকাটিতে লিপ্ত হন ওই গ্রামের নাটা গাজীর ছেলে আমিরুল ইসলাম ও ওয়াজেদ জোয়ারদারের ছেলে রবিউল জোয়ারদার। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে রবিউল জোয়ারদার লাঠি দিয়ে আমিরুল ইসলামের মাথায় সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান আমিরুল।

শ্যামনগরের বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) অনিমেষ হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।