চলতি বছর রাজধানীসহ সারা দেশে ৪৮ হাজার ২২০ জন ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চলতি মাসের প্রথম ১৫ দিনেই ভর্তি হয়েছে ২৯ হাজার ৮২৯ জন। আর গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২৯ জন। চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে নিহত হয়েছে ৪০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে। তবে এক বেসরকারি হিসাবে চলতি মাসেই মারা গেছে ৬২ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে গতকাল মারা গেছে ৫ জন। আর সব মিলিয়ে বেসরকারি হিসাবে চলতি বছর মৃতের সংখ্যা ১০০-তে দাঁড়াল।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত সাত দিনে সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল ১৩ হাজার ৬১৪ জন। এর মধ্যে ঢাকায় ৬ হাজার। আর ঢাকার বাইরে ৭ হাজার ৬১৪ জন। এছাড়া শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকায় ৮১১ এবং ঢাকার বাইরে ১ হাজার ১১৮ জন। বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ৭ হাজার ৫৭০ জন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪০ হাজার ৬৭০ জন। গত ৮ আগস্ট থেকেই ঢাকা শহরের চেয়ে ঢাকার বাইরে নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর নতুন রোগীদের মধ্যে ঢাকা মেডিকেলে ১৩১, মিটফোর্ডে ৬৭, ঢাকা শিশু হাসপাতালে ২৫, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৬৬, বিএসএমএমইউ হাসপাতালে ২১, পুলিশ হাসপাতাল রাজারবাগে ১৩, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১০৯, বিজিবি হাসপাতাল পিলখানা ঢাকায় ৫, সম্মিলিত সামরিক হাসপাতালে ২৩, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৬৫ এবং বেসরকারি অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকে ২৮৬ জন ভর্তি হয়েছে। বিভিন্ন বিভাগীয় শহরে মোট আক্রান্ত ১ হাজার ১১৮ জনের মধ্যে ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগে ২৯৫, চট্টগ্রাম বিভাগে ২০৯, খুলনায় ১৫১, রংপুরে ৮১, রাজশাহীতে ১৩০, বরিশালে ১৭১, সিলেটে ২৫ ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
আরও ৫ জনের মৃত্যু : আমাদের জেলা প্রতিনিধিদের তথ্য অনুযায়ী ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আছে স্বাস্থ্য সহকারী, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. নির্মল কান্তি চৌধুরীর ছেলে, মাদ্রাসাছাত্র ও সিকিউরিটি গার্ড।
মাদারীপুর সদরের স্বাস্থ্য সহকারী তপন কুমার মণ্ডল (৩৫) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান। তার গ্রামের বাড়ি সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বড়াইলবাড়ী। স্বজনরা জানান, ১৬ দিন আগে সরকারি আদেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৮ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে যোগ দেন তিনি। কর্তব্যরত অবস্থায় গত ১১ আগস্ট তিনি ডেঙ্গুতে আক্রান্ত হলে বাড়িতে আসেন। অবস্থার অবনতি হলে প্রথমে তাকে মাদারীপুর সদর হাসপাতাল এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর ঢাকার বাংলাদেশে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নে আবু বকর সিদ্দিক সিয়াম (১৪) নামে এক মাদ্রাসাছাত্র মারা গেছে। বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সিয়াম শাহরাস্তি উপজেলার টামটা পশ্চিমপাড়া নোয়াবাড়ি জাকির হোসেনের ছেলে। স্বজনরা জানান, ঈদের ছুটিতে সিয়াম জ¦র নিয়ে মাদ্রাসা থেকে বাড়িতে আসেন। মঙ্গলবার তার ডেঙ্গু শনাক্ত হলে বুধবার তাকে কুমিল্লা নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাগুরা সদর উপজেলার নরসিংহাটি গ্রামে গতকাল দুপুরে জয়নাল শরীফ (৫৩) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তিনি গ্রামের গফুর শরীফের ছেলে। জয়নালের জামাতা ইউনুস আলী জানান, ঢাকার একটি বেসরকারি সিকিউরিটি সার্ভিস কোম্পানিতে কর্মরত জয়নাল ৭ আগস্ট ডেঙ্গু আক্রান্ত হন। ঈদের ছুটিতে বাড়িতে এলে ১০ আগস্ট তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠাতে বললেও আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তাকে বাড়িতে নিয়ে আসা হলে বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান মৌসুমি আক্তার (২৫)। স্বজনরা জানান, বেশ কিছুদিন তিনি ঠা-াজ¦রে ভুগছিলেন। বুধবার মহাখালী টিবি হাসপাতালে তার ডেঙ্গু শনাক্ত হলে বৃহস্পতিবার সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আইসিইউতে নেওয়ার পর দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাজ চৌধুরী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রাজ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. নির্মল কান্তি চৌধুরীর ছেলে। শিশু হাসপাতালের চিকিৎসক ডা. শাহিন শরিফ জানান, গতকাল বেলা সাড়ে ৩টার দিকে রাজকে শিশু হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। ভর্তির পর সরাসরি তাকে আইসিইউতে নেওয়া হয়।