প্রতিরোধ ‘লড়াইয়ে’ নেমে ডেঙ্গুতে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

ডেঙ্গুজ্বরে রোগীদের সেবা দিতে সরকারি আদেশে ঢাকায় গিয়ে নিজেই আক্রান্ত হয়ে মারা গেছেন মাদারীপুর সদরের স্বাস্থ্য সহকারী তপন কুমার মন্ডল (৩৫)। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৮ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধের কাজে গিয়ে নিজেই আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

সিভিল সার্জন অফিস ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারীপুর সদরে কর্মরত স্বাস্থ্য সহকারী তপন কুমার মন্ডল ১৬ দিন আগে সরকারি আদেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিরোধ কর্মসূচিতে যোগ দেন। সেখানে কর্তব্যরত অবস্থায় গত ১১ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। পরে ঈদের ছুটিতে বাড়িতে আসার পর অসুস্থতা বাড়ে তার। তখন প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও অবস্থার অবনতি হলে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে বুধবার থেকে আইসিইউতে থাকার পর বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মারা যান তপন।

মাদারীপুর সিভিল সার্জন মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের সদরের একজন স্বাস্থ্য সহকারী সরকারি দায়িত্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ওয়ার্ডের ডেঙ্গু প্রতিরোধ করার কাজে নিয়োজিত ছিলেন। সেখানে থাকা অবস্থায় তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। গতকাল চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন তিনি।

তপন সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বড়াইলবাড়ী গ্রামের জদুনাথ মন্ডলের ছেলে। তাকে নিয়ে জেলায় ডেঙ্গুজ্বরে মোট সাতজনের মৃত্যু হলো। বাকিদের মধ্যে কালকিনি ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুইজন। অন্যরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতল ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।