মিয়ানমারের সেনা কলেজে বিদ্রোহী হামলায় নিহত ১

মিয়ানমারের শান রাজ্যে গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনীর একটি কলেজে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় কমপক্ষে একজন বেসামরিক কর্মী নিহত হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, সশস্ত্র বিদ্রোহীদের সংগঠন নর্দার্ন অ্যালায়েন্স শান রাজ্যের পিইন উ লউইন এলাকার ডিফেন্স সার্ভিসেস টেকনোলজিক্যাল অ্যাকাডেমিতে হামলার দায় স্বীকার করে। ওই হামলায় একজন নিহত হয়। প্রতিষ্ঠানটির কাছাকাছি আরও চারটি এলাকায় হামলা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বৃহত্তর স্বায়ত্তশাসন চাওয়া যোদ্ধাদের সঙ্গে প্রায়ই সংঘর্ষ বাধায় মিয়ানমারের সেনাবাহিনী। তবে সেনা অধ্যুষিত ও জনপ্রিয় পর্যটন আকর্ষণ পিইন উ লউইনে আক্রান্ত হওয়ার ঘটনা বিরল। বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমার সরকারের গত কয়েক মাস ধরে চলা যুদ্ধবিরতির অবসান হয় গত জুনে। সর্বশেষ হামলার বিষয়ে নর্দার্ন অ্যালায়েন্সের মুখপাত্র মং আইক কিয়াউ ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এই সময়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলগুলোতে অভিযান বাড়াচ্ছে বার্মিজ সেনাবাহিনী, যে কারণে আমরা যুদ্ধক্ষেত্র বদলানোর লক্ষ্য নিয়েছি।’

মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র তুন তুন নি ফোনে রয়টার্সকে বলেন, জনপ্রিয় পর্যটনকেন্দ্র গোকতেইকের কাছে নাউং চো পৌর এলাকায় লড়াই চলছিল।