অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন চত্বরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের নিযুক্ত হাইকমিশনার মো. সুফিউর রহমান এর উদ্বোধন করেন। একই সঙ্গে সেখানে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়। হাইকমিশন সূত্র জানায়, সন্ধ্যা ৭টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন হাইকমিশনার, হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যরা। এরপর হাইকমিশন চত্বরে প্রথমবারের মতো বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে বসবাসরত প্রবাসী তরুণ প্রজন্মকে সোনার বাংলা বির্নিমাণে উদ্বুদ্ধ করা বঙ্গবন্ধু কর্নারের মূল উদ্দেশ্য। সেখানে বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ ছবি, তার জীবন ও কর্ম এবং মুক্তিযুদ্ধের ওপর রচিত বিভিন্ন বই ও সিডি রয়েছে। বাংলার ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির ওপর বিভিন্ন বইও এই কর্নারে রাখা হয়েছে। যারা এই কর্নার পরিদর্শন করবেন তারা বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে জানার সুযোগ পাবেন।