সাংবাদিকদের কাদের

বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সরকারের পক্ষে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার বনানীতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি যাদের বিচারের রায় আজও কার্যকর হয়নি, যারা বিদেশে পালিয়ে আছে, তাদের ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টা  আরও বেগবান করা হয়েছে। তাদের ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে। ফাঁসির দ-প্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের মৃত্যুদন্ড কার্যকর করা হবে। তারা যে দেশেই থাকুক না কেন, যেভাবেই হোক তাদের খুঁজে বের করা হবে।’

তিনি বলেন, খুনিরা কে কোথায় পালিয়ে আছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। আর যুক্তরাষ্ট্র ও কানাডায় যে দুই খুনি পালিয়ে আছে, তাদেরও ফেরানোর চেষ্টা চলছে।

বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কোনো বাধাই বাংলাদেশের অগ্রযাত্রাকে ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা অসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়বই। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত দেশ গঠন করব, এটাই হোক শোক দিবসের প্রত্যয়।’