জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। গতকাল বৃহস্পতিবার আসরের নামাজের পর এ মিলাদ হয়।
মিলাদের পর বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধু ও পঁচাত্তরের ১৫ আগস্ট শহীদ পরিবারের অন্যান্য সদস্য এবং মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, রাষ্ট্রপতির সচিব, সামরিক ও বেসামরিক কর্মকতারা অংশ নেন। বঙ্গভবন জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সাইফুল কবির মিলাদ মাহফিল পরিচালনা করেন।
এর আগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় দরবার হলে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। একই সঙ্গে ছিল সংক্ষিপ্ত আলোচনা। আলোচনায় অংশ নেন রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়–য়া। তিনি বঙ্গবন্ধুর ওপর স্বরচিত লেখা পাঠ করেন। আরও আলোচনা করেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল কাজী ইফতেখার-উল-আলম। এর আগে সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ধানম-ি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।