জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি। সুপ্রিম কোর্ট আয়োজিত রক্তদান কর্মসূচিতে সহযোগিতা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের (বিএসএমএমইউ) ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘জাতির পিতা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন আমাদের দায়িত্ব হবে সে লক্ষ্যে কাজ করা। সেই স্বপ্ন পূরণ হলেই তার বিদেহী আত্মা শান্তি পাবে।’
প্রধান বিচারপতি বলেন, শোকাবহ ১৫ আগস্ট ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন। স্বাধীন বাংলাদেশের স্থপতি ১৯৭৫ সালের এই দিনে পরিবারসহ নির্মম হত্যাকা-ের শিকার হন। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অশ্রুভেজা কলঙ্কময় এক রাত। বাঙালি জাতি গভীর শোক ও শ্রদ্ধায় তার শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করছে।
বক্তব্য শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি আবু বকর সিদ্দিকীসহ হাইকোর্ট বিভাগের বিচারপতি, রেজিস্ট্রার জেনারেল ও সুপ্রিম কোর্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল ভোরে ধানম-ির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে সকালে বিশেষ মোনাজাত ও কোরআন খতমের আয়োজন করা হয়।