শ্রীলঙ্কার বিপক্ষে এইচপি দলের নেতৃত্বে শান্ত

শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ইমার্জিং (এইচপি) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লঙ্কানদের বিপক্ষে স্বাগতিক দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। তার ডেপুটি হিসেবে থাকবেন ইয়ারিস আলী চৌধুরী।

এইচপি দল মূলত জাতীয় দলের পাইপ লাইন হিসেবে বিবেচিত হয়ে থাকে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফরম্যান্স করা তারকারাই জায়গা পেয়েছেন এই দলে।

আছেন এরই মধ্যে জাতীয় দলে কয়েকটি ম্যাচ খেলে ফেলা শান্ত, নাইম হাসান, আফিফ হোসেনের মতো তারকা। যাদের সামনে সুযোগ এই সিরিজে ভালো খেলে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সুযোগ করে নেওয়ার। নাঈম শেখ, সাইফ হাসানদের সামনে সুযোগ থাকছে প্রথমবার দেশের প্রতিনিধিত্ব করার।

সফরকারী শ্রীলঙ্কা ইমার্জিং দল বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ ও দুটি চার দিনের ম্যাচ খেলবে। ওয়ানডে ম্যাচগুলো হবে ১৮, ২১ ও ২৪ আগস্ট। শুক্রবারই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে শ্রীলঙ্কা দলের।

ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, নাঈম শেখ, ইয়াসির আলী চৌধুরী (সহ-অধিনায়ক), আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, আমিনুল ইসলাম বিপ্লব, জাকের আলী, নাঈম হাসান, ইয়াসিন আরাফাত, শফিকুল ইসলাম, সুমন খান, শহিদুল ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি, তানভীর ইসলাম।

স্ট্যান্ডবাই: মানিক খান, জাকির হাসান, রবিউল হক, ফারদিন হোসেন, ইফরান হোসেন, সাব্বির হোসেন, মেহেদি হাসান রানা।