খাগড়াছড়িতে ডেঙ্গু রোগ প্রতিরোধে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে মারমা সম্প্রদায়ের তরুণরা। সদরের পানখাইয়াপাড়ার ওই তরুণরা গতকাল শুক্রবার দিনভর মশারোধী ওষুধ ছিটায় পাড়াজুড়ে। তরুণদের এ উদ্যোগে কিছু বিত্তবান ব্যক্তি দিয়েছেন আর্থিক সহায়তা আর ওষুধ দিয়েছে খাগড়াছড়ি পৌরসভা।
মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুব কল্যাণ সংসদের উদ্যোগে এ কাজটি সম্পন্ন করা হয়। ওষুধ সরবরাহসহ শ্রমিকদের সার্বিক তত্ত্বাবধান করেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মংরে মারমা। গতকাল সারা দিন ১২ জন শ্রমিকসহ কিছু স্বেচ্ছাসেবকের সহায়তায় গ্রামের প্রতিটি বাড়ির আঙিনা, নালা ও ময়লা-আবর্জনার স্তূপে ওষুধ ছিটিয়ে দেওয়া
হয়।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়ন ময় ত্রিপুরা জানান, হাসপাতালে গত ২০ দিনে ৮৮ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। সদরের পানখাইয়াপাড়া ও এর পার্শ্ববর্তী মিলনপুর ও মধুপুর এলাকা থেকে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বেশি।
খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর মংরে মারমা বলেন, আশা করছি ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে থাকবে।