ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত ও দুজন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গাঁও-রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন রফিকুজ্জামান, স্ত্রী নাজমুন্নাহার শামীমা, ছেলে নাদিম হোসেন, মেয়ে রওনক জাহান ও শ্যালক আশরাফ। তাদের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় গ্রামে। ঈদের পর থেকে সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল। গতকাল শুক্রবারও বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ ১২ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও ৫০ জন। যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই নিয়ে গত পাঁচ দিনে ৫৬ জন প্রাণ হারাল সড়কে।
গতকাল রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধিমারা এলাকায় পিকনিকের একটি বাস উল্টে খাদে পড়ে নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। তার নাম শামিম রেজা। স্কুলশিক্ষার্থী ও বন্ধুবান্ধব মিলে ৫৫ জনের একটি গ্রুপ গত বুধবার মেহেরপুর থেকে একটি বাস নিয়ে কুয়াকাটায় পিকনিকে যায়। পিকনিক থেকে বৃহস্পতিবার রাতে তারা ফিরছিল। নিহত শামিম মেহেরপুর জেলার গাংনি উপজেলার শহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২১ জন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইলের ভূঞাপুর ও নাগরপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। ময়মনসিংহের ভালুকার মাষ্টারবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কামাপাড়া বিদ্যুৎ অফিসের সামনে বাসের ধাক্কায় অটোভ্যানের এক যাত্রী নিহত হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে চার বাসের চতুর্মুখী সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হযেছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
গৌরীপুরে একই পরিবারের ৫ জন নিহত : ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত ও দুজন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গাঁও-রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেনÑ রফিকুজ্জামান (৪৫), স্ত্রী নাজমুন্নাহার শামীমা (৪০), ছেলে নাদিম হোসেন (১৫), মেয়ে রওনক জাহান (১৩) ও শ্যালক আশরাফ (২৫)। তাদের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চ-িগড় গ্রামে। রফিকুজ্জামান পরিবারের সদস্যদের নিয়ে ময়মনসিংহ নান্দাইল উপজেলার মধুপুর গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে গতকাল একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, রবিফুজ্জামানের আরেক ছেলে নাহিদ (৩) ও প্রাইভেটকার চালক স্বপন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী এমকে সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রফিকুজ্জামানের স্ত্রী নাজমুন্নাহার শামীমা মারা যান। মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন রফিকুজ্জামান, ছেলে নাদিম, মেয়ে রওনক জাহান মারা যান। এরপর বিকেল ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিকুজ্জামানের শ্যালক আশরাফ মারা যান।
এ বিষয়ে গৌরীপুর থানার ওসি মো. কামরুল ইসলাম মিয়া জানান, বাসটি যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল ও অপরদিকে প্রাইভেটকারটি গৌরীপুর থেকে টাঙ্গাইল জেলার ঘাটাইলের উদ্দেশে যাচ্ছিল। পথে দুটি যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে ঈশ্বরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা এসে হতাহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রতন খাঁ (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত ও রমজান খাঁ (৩৫) নামে এক আরোহী আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার আতকাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন খাঁ উপজেলার জারিয়া ইউনিয়নের ছনধরা পশ্চিমপাড়া গ্রামের সিরাজ খাঁর ছেলে ও আহত রমজান খাঁ একই গ্রামের সরাফত খাঁর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রতন খাঁ তার চাচাত ভাই রমজানকে নিয়ে পূর্বধলা বাজার থেকে মোটর সাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। পথে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সুলতানা এন্টারপ্রাইজ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
রাজবাড়ীতে পিকনিকের বাস উল্টে স্কুলছাত্র নিহত : রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার গান্ধিমারা এলাকায় একটি পিকনিকের বাস উল্টে খাদে পড়ে নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। তার নাম শামিম রেজা (১৫)। সে মেহেরপুর জেলার গাংনি উপজেলার শহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২১ জন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলশিক্ষার্থী ও বন্ধুবান্ধব মিলে ৫৫ জনের একটি গ্রুপ গত বুধবার মেহেরপুর থেকে একটি বাস নিয়ে কুয়াকাটায় পিকনিকে যায়। পিকনিক থেকে বৃহস্পতিবার রাতে তারা ফিরছিল। ফেরার পথে গভীর রাত হলে বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে পড়ে। চালকও মাঝেমধ্যে ঘুমে আচ্ছন্ন হয়ে ঝাঁকুনি দিয়ে ব্রেক করছিল। পিকনিকের বাসটি রাজবাড়ীর গান্ধিমারা এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি খাদে পড়ে যায়।
কালুখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, পিকনিক শেষে কুয়াকাটা থেকে মেহেরপুর ফেরার পথে শুক্রবার ভোর ৩টার দিকে বাসটি কালুখালী উপজেলার গান্ধিমারা এলাকায় উল্টে পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই স্কুলছাত্র শামিম রেজা মারা যায়। আর আহত হয় ২১ শিক্ষার্থী। খবর পেয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিস কর্মীরা।
টাঙ্গাইলে দুজন নিহত : টাঙ্গাইলের ভূঞাপুর ও নাগরপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। গতকাল সকালে নাগরপুর ও দুপুরে ভূঞাপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুদ্দুসের বড় ভাই বাদশা মিয়া জানান, শুক্রবার সকালে নাগরপুরের বেকড়া ভোরের বাজার থেকে বাড়ি ফেরার পথে নাগরপুর-সলিমাবাদ সড়কে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা ধাক্কা দিলে গুরুতর আহত হয় কুদ্দুস মিয়া (৭০)। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঈদের ছুটি শেষে মেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে ঢাকায় কর্মস্থলে যাওয়ার জন্য ভূঞাপুরের পিংনা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ভূঞাপুরের দিকে যাচ্ছিলেন আবদুল মান্নান (৬২)। পথে অটোরিকশাটি ভূঞাপুর-তারাকান্দি সড়কে পৌঁছলে বিপরীত থেকে আসা তারাকান্দিগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আবদুল মান্নানকে মৃত ঘোষণা করেন।
ভালুকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত : ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মাষ্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের এসআই আবদুর রহমান জানান, ঘটনার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মাষ্টারবাড়ি এলাকার তেপান্তর হোটেলের সামনে ময়মনসিংহগামী মালবাহী একটি পিকআপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে লাগিয়ে দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ভাসাডি গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে পিকআপ যাত্রী উজ্জ্বল মিয়া ঘটনাস্থলেই মারা যান।
সিরাজগঞ্জ বাসের ধাক্কায় নিহত ১ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কামাপাড়া বিদ্যুৎ অফিসের সামনে বাসের ধাক্কায় অটোভ্যানের এক যাত্রী নিহত ও সাতজন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম হোসেন (৩০) বেলকুচি পৌর এলাকার শেরনগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
এদিকে বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে চার বাসের চতুর্মুখী সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, এনায়েতপুর থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ শহরগামী মির্জা পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় আটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে যাত্রীরা সবাই আহত হয়। স্থানীয়রা আহত আটজনকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে অবস্থার অবনতি হলে ইব্রাহিম ও তার মেয়ে জান্নাতিকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথে শুক্রবার ভোররাতে ইব্রাহিম মারা যায়। গুরুতর আহত জান্নাতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।