বঙ্গবন্ধু হত্যামামলায় মৃত্যুদ-প্রাপ্তরা যে যেখানেই আছেন, সেখান থেকে তাদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শুক্রবার আখাউড়া রেলস্টেশন চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কুলখানি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা জানান। প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী দুজন কোথায় আছেন তা আমরা জানি। চারজনের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। দুজনের একজন কানাডায়, আরেকজন আমেরিকায়। তিনি বলেন, আমেরিকা যিনি আছেন তাকে আমরা ফিরিয়ে আনব। কানাডায় যিনি আছেন কূটনৈতিক ও আইনি লড়াই করছি, ইনশা আল্লাহ আমরা সফল হব। আখাউড়ার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, বঙ্গবন্ধুর হত্যাকারীরা যে যেখানে আছেন, সেখান থেকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।
বিএনপি চেয়ারপারসনের জন্মদিনের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস থেকে সরে এসে আজ ১৬ আগস্ট খালেদা জিয়া তার ৭৫তম জন্মদিন পালন করছেন। এই জন্মদিন প্রতিদিন বদলায়। আজকে যদি তার জন্মদিন পালন করে তাহলে তো ৭৫তম জন্মদিন হবে না, তা হবে খালেদা জিয়ার প্রথম জন্মদিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে সঙ্গে বাংলাদেশকে হত্যার ষড়যন্ত্র শুরু হয় মন্তব্য করে তিনি বলেন, সেই খুনি মোশতাকরা আবার রাজাকার-আলবদর নিয়ে বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করেছিল। জিয়াউর রহমানের পর তার স্ত্রী খালেদা জিয়া মুজাহিদ ও নিজামীকে মন্ত্রী বানিয়ে বাংলাদেশকে মিনি পাকিস্তান বানিয়েছিলেন। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে, যা আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের বুকে প্রমাণ হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।