টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ বাবুল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি, গতকাল ভোররাতে উপজেলার হ্নীলা পশ্চিম সিকদারপাড়া পাহাড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বাবুল ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সে একজন চিহ্নিত মাদক কারবারি ছিল।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ভোররাতে পুলিশের একটি দল হ্নীলা পশ্চিম সিকদারপাড়া পাহাড়ে মাদক কারবারিদের অবস্থানের খবরে অভিযানে যায়। এ সময় বাবুলসহ কয়েকজন মাদক কারবারি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের কিছুক্ষণ পর তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বাবুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাবুলের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র, ৮ রাউন্ড কার্তুজ, ৭ রাউন্ড কার্তুজের খোসা ও পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।