মানিকগঞ্জে এক হাজার যাত্রী থেকে বাস মালিকদের নেয়া অতিরিক্ত ভাড়া ফেরত দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকাসহ ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত তাদের কার্যক্রম পরিচালনা করেন।
মানিকগঞ্জ জেলা প্রশাসকের নেতৃত্বে চারটি ভ্রাম্যমাণ আদালত ২০টি যানবাহনকে ৬৫ হাজার টাকা জরিমানা করে।
এ ছাড়া প্রায় এক হাজার যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া হিসেবে নেয়া ৫৩ হাজার টাকা ফেরত দেওয়া হয়। শিবালয়ে ট্রাকে যাত্রী পরিবহনের অভিযোগে পাঁচ ট্রাক চালককেও জরিমানা করেন আদালত।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগির এলাকা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাওল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আবু দারদা, পাটুরিয়া ও আরিচা এলাকায় শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এফ. এম ফিরোজ মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী নীলাচল, পদ্মা লাইন, হিমাচলসহ বিভিন্ন পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মামলা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেন।
মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, ঈদ শেষে ঢাকামুখি হচ্ছে কর্মজীবি মানুষ। পাটুরিয়া ঘাটে যাত্রীদের ভিড় বাড়ছেই। এ সুযোগে কিছু অসাধু বাস মালিক ও শ্রমিকেরা অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি করছে। হয়রানি রোধে আমাদের একাধিক টিম কাজ করে যাবে।